মোল্লাহাটে অনশনরত সেই তরুণীকে মেনে নিয়েছে প্রেমিকের পরিবার

# প্রবাহে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপ #
মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাটে সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে বিয়ের দাবিতে অনশনরত সেই তরুণীকে মেনে নিয়েছেন প্রেমিকের পরিবার। বুধবার (১৭ ডিসেম্বর) অনশনরত তরুণীকে মেনে নিয়ে বিয়ের আয়োজন করেছেন প্রেমিকের পরিবার। এ ঘটনায় পুলিশ প্রশাসন ও সংবাদ মাধ্যমের প্রতি সন্তোষ প্রকাশ করেছেন এলাকাবাসী। উল্লেখ্য গত ১৪ ডিসেম্বর পার্শ্ববর্তী চিতলমারী উপজেলার শিবপুর গ্রাম থেকে আসা মাদ্রাসাছাত্রী মোল্লাহাট উপজেলার কুলিয়া ইউনিয়নের নগরকান্দি গ্রামে প্রেমিক নাঈমের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন শুরু করেন। প্রেমিক পরিবারের পক্ষ থেকে তাকে মেনে নিতে অস্বীকৃতি জানালে ভুক্তভোগী মাদ্রাসা ছাত্রী এলাকাবাসীর সহায়তায় সাংবাদিকদের শরণাপন্ন হন। প্রবাহ প্রতিনিধির সংবাদ প্রকাশের পর প্রশাসনের হস্তক্ষেপে অবশেষে প্রেমিকের পরিবার ভুক্তভোগী মেয়েটিকে মেনে নিতে বাধ্য হয়। এবিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ কাজী রমজানুল হক জানান, সংবাদ প্রতিবেদন এবং মেয়েটির পরিবারের নিকট থেকে অভিযোগ পেয়ে পুলিশ দুই পরিবারের সঙ্গে আলোচনা করে একটি সুন্দর সমাধানে পৌঁছাতে সক্ষম হয়। অতঃপর ছেলের পরিবার ভুক্তভোগী মেয়েটিকে মেনে নিয়ে তাদের বিয়ের প্রস্তুতি নিয়েছেন।



