তালায় আম বাগান থেকে যুবকের মরদেহ উদ্ধার

তালা প্রতিনিধি : তালার হরিশ্চন্দ্রকাঠি গ্রামে একটি আম বাগান থেকে আলাউদ্দিন শেখ (৪৮) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে তাঁর মরদেহটি উদ্ধার হয়। তবে কি কারনে আলাউদ্দিনের মৃত্যু হয়েছে তা জানা যায়নি।
স্থানীয়রা জানান, হরিশচন্দ্রকাটি গ্রামের মৃত আনসার শেখের ছেলে আলাউদ্দিন শেখ দীর্ঘদিন ধরে মানুষিক ভারসাম্যহীন ছিল। এদিন দুুপুর ১২টার দিকে গ্রামের একটি আম বাগানে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। মৃতের গলায় দাগের চিহ্ন থাকায় এটি হত্যা নাকি আত্মহত্যা তা নিশ্চিত হওয়া যায়নি।
মৃত্যু আলাউদ্দীনের স্ত্রী ইসমতারা জানান, তার মানুসিক ভারসাম্যহীন স্বামী বৃহস্পতিবার ভোরে বাড়ি থেকে বের হন। দুপুরে গ্রামের গফুর মোল্লা নামের এক ব্যক্তি আম বাগানে মরদেহটি পড়ে থাকতে দেখে খবর দেন।
তালা থানার ওসি শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সাতক্ষীরা মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।
তালায় দলিতের উদ্যোগে এসএসসি পরীক্ষার্থীদের বোর্ড ফি প্রদান
তালা প্রতিনিধি : তালা উপজেলার পিছিয়ে পড়া দলিত জনগোষ্ঠীর ২৪জন মেধাবী শিক্ষার্থীকে এসএসসি পরীক্ষার বোর্ড ফি’র টাকা প্রদান করা হয়েছে। দাতা সংস্থা মিশন বাম্বেনী- ইতালী’র সহযোগীতায়, বেসরকারি সংস্থা দলিত’র উদ্যোগে এবং লেটারেসী প্রকল্পের আওতায় এই অর্থ প্রদান করা হয়।
বোর্ড ফি প্রদান উপলক্ষ্যে এক অনুষ্ঠান বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে তালা উপজেলা প্রাণি সম্পদ অফিসের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষা ফিসের টাকা প্রদান উদ্বোধন করেন, তালা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের অ্যাকাডেমিক সুপারভাইজার প্রভাস কুমার দাস ।
দলিত’র প্রকল্প সমন্বয়কারী ধরাদেবী দাস’র সভাপতিত্বে এবং দলিত’র প্রকল্প কর্মকর্তা নেপাল দাস’র পরিচালনায় এসময় সাংবাদিক বি.এম. জুলফিকার রায়হান, শিক্ষার্থী অন্তরা দাস,চৈতন্য দাস প্রমুখ বক্তব্য রাখেন।
সভায় তালা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৪জন দরিদ্র ও দলিত জনগোষ্ঠীর এসএসসি পরীক্ষার্থীকে তাদের পরীক্ষার ফিসের টাকা প্রদান করা হয়।



