গণসংহতি আন্দোলন খুলনা জেলা কমিটির শোক

খবর বিজ্ঞপ্তি ঃ গণসংহতি আন্দোলন খুলনা জেলা আহবায়ক মুনীর চৌধুরী সোহেল এবং সদস্য সচিব আসিফ ইকবাল চৌধুরী এক বিবৃতিতে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। বিবৃতিতে নেতৃবন্দ বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াইয়ের অগ্রগামী সৈনিক ছিলেন শহীদ ওসমান হাদি। সমসাময়িক রাজনীতিতে নীতিনিষ্ঠতা ও স্পষ্ট অবস্থানের জন্য তিনি ছিলেন এক গুরুত্বপূর্ণ নাম। তিনি এমন এক সময় রাজনীতিতে সক্রিয় ছিলেন, যখন জন আস্থা সংকট, গণতান্ত্রিক চর্চার দুর্বলতা এবং রাষ্ট্রীয় জবাবদিহিতার অভাব স্পষ্টভাবে দৃশ্যমান। এই বাস্তবতায় ওসমান হাদির রাজনৈতিক বক্তব্য ও ভূমিকা জনস্বার্থকেন্দ্রিক রাজনীতির বহিঃপ্রকাশেরই অংশ বলে বিবেচিত হয়।ওসমান হাদির মতো কণ্ঠস্বর সমসাময়িক রাজনীতিতে গুরুত্বপূর্ণ ছিল, কারণ তিনি ব্যক্তি বা দলের সুবিধার চেয়ে রাষ্ট্র ও জনগণের দীর্ঘমেয়াদি স্বার্থকে সামনে রাখার কথা বলেছিলেন, এই অবস্থান ভবিষ্যতের রাজনৈতিক সংস্কৃতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারতো বলে আমরা মনে করি। একইসাথে সাথে আমরা গভীর ক্ষোভের সঙ্গে বলতে চাই—এই রাষ্ট্র ব্যবস্থা ভিন্নমতের নিরাপত্তা নিশ্চিত করতে পারছে না। যে ব্যবস্থা সত্যভাষীদের সুরক্ষা দিতে ব্যর্থ হয়, সেই ব্যবস্থার নৈতিক ভিত্তি নিয়ে প্রশ্ন তোলা নাগরিকদের অধিকার। ওসমান হাদির মৃত্যু সেই ব্যর্থতারই একটি নির্মম দলিল।বিবৃতিদাতারা আরও উল্লেখ করেন, ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে গতকাল ১৮ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে ঢাকায় যে দঙ্গলবাজি লক্ষ্য করা গেছে, এটির দায়ভার সরকার কোন ভাবেই এড়াতে পারে না। রাষ্ট্রের ভিত্তি হলো ন্যায় বিচার। বিচারের এখতিয়ার রাষ্ট্র কাউকে দেবে না। ভুল হোক, ঠিক হোক– বিচার রাষ্ট্রই করবে। কখনও ব্যক্তি পর্যায়ে এটিকে নিয়ে প্রতিহিংসার বাস্তবায়ন করা যাবে না।



