নড়াইলে বোরো আবাদে ব্যাস্ত সময় পার করছেন কৃষক, সারের সরবরাহ নিয়ে স্বস্তি থাকলেও শঙ্কায় কৃষক

মশিউর রহমান, নড়াইল প্রতিনিধি ঃ নড়াইলে চলতি বোরো মৌসুমে লক্ষ্যমাত্রার চেয়েও বেশি জমিতে আবাদ শুরু হয়েছে। তীব্র শীত উপেক্ষা করে জেলার মাঠে মাঠে এখন বোরো চারা রোপণে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। বাজারে সারের সরবরাহ স্বাভাবিক এবং দাম সরকারি নিয়ন্ত্রণে থাকায় কৃষকদের মাঝে স্বস্তি ফিরলেও, উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় গত আমন মৌসুমে ধানের ন্যায্যমূল্য পাওয়া নিয়ে শঙ্কিত তারা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বছর নড়াইলে ৪৮ হাজার ৪৯০ হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছিল। তবে গত বছর ধানের ভালো দাম পাওয়ায় এবার চাষিদের আগ্রহ বেড়েছে। চলতি মৌসুমে আবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫০ হাজার ১৭০ হেক্টর জমি। অর্থাৎ গত বছরের তুলনায় এবার ১ হাজার ৬৮০ হেক্টর বেশি জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
মাঠ পর্যায়ে ঘুরে দেখা গেছে, জেলার তিনটি উপজেলার বিভিন্ন বিলে এখন কৃষকদের ব্যস্ততা তুঙ্গে। কেউ জমি প্রস্তুত করছেন, কেউ সেচ দিচ্ছেন, আবার কেউ বীজতলা থেকে চারা তুলে মূল জমিতে রোপণ করছেন। কৃষকরা জানান, বিগত সময়ে সার নিয়ে সিন্ডিকেট ও বাড়তি দামের বিড়ম্বনা থাকলেও এবার চিত্র ভিন্ন। ডিলার পর্যায়ে সরকারি নির্ধারিত দামেই ইউরিয়া, টিএসপি ও ডিএপি সার সংগ্রহ করতে পারছেন তারা।
সদর উপজেলার কৃষক ইয়াকুব মোল্যা বলেন, “সারের জন্য এবার দৌড়ঝাঁপ করতে হচ্ছে না। সময়মতো সার পাওয়ায় চাষাবাদ দ্রুত শেষ করা যাচ্ছে। তবে ডিজেল ও কামলার (শ্রমিক) দাম অনেক বেশি। সব মিলিয়ে খরচ যা হচ্ছে, তাতে ধান কাটার সময় ভালো দাম না পেলে আমাদের লোকসান গুণতে হবে।”



