অলৌকিকভাবে প্রাণে বাঁচলেন প্রায় ৬০ যাত্রী

# বড়দিয়া-খুলনা রুটে সড়ক দুর্ঘটনা #
কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলায় বড়দিয়া–খুলনা রুটে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে গেলে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন প্রায় ৬০ জন যাত্রী। রবিবার (১১ জানুয়ারি ২০২৬) সকাল সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বড়দিয়া থেকে খুলনা জেলখানা ঘাটগামী বাসটি আমতলী এলাকায় পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের গভীর খাদে পড়ে যায়। বাসটিতে নারী, শিশু ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের যাত্রী ছিলেন। দুর্ঘটনার মুহূর্তে বাসের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে, শুরু হয় চিৎকার ও হাহাকার। অনেক যাত্রী প্রাণভয়ে আল্লাহর নাম নিতে থাকেন।
বাসটি খাদে কাত হয়ে পড়লেও অলৌকিকভাবে কোনো প্রাণহানি ঘটেনি। তবে কয়েকজন যাত্রী হালকা আহত হন। স্থানীয়দের দ্রুত সহায়তায় আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। স্থানীয় যুবক ও পথচারীরা তাৎক্ষণিকভাবে উদ্ধার কাজে অংশ নেন।
স্থানীয় বাসিন্দারা জানান, আমতলী এলাকার সড়কটি অত্যন্ত সরু এবং সড়কের পাশেই গভীর খাদ থাকায় প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটে। পর্যাপ্ত গার্ডরেল ও সতর্কতামূলক ব্যবস্থা না থাকাই দুর্ঘটনার প্রধান কারণ বলে তারা মনে করেন। দ্রুত সড়ক সংস্কার, গার্ডরেল স্থাপন এবং যানবাহন নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানান এলাকাবাসী।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে খাদে পড়ে থাকা বাসটি সরিয়ে নিয়ে সড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়।
এলাকাবাসীর আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে এ সড়কে আরও বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।



