কালিয়ায় বোমা সাদৃশ্য বস্তু বিস্ফোরণে আহত ১

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার ছোট কালিয়া মোড় বাজার এলাকায় বোমা সদৃশ্য একটি বস্তু বিস্ফোরণের ঘটনায় ১১ বছর বয়সী এক শিশু আহত হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে। বিস্ফোরণের পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আহত শিশুর নাম মো. আলিফ মোল্লা (১১)। সে নড়াগাতী থানার জয়নগর গ্রামের বাচ্চু মোল্লার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট কালিয়া মোড় বাজারের একটি দোকানের পেছনে সহপাঠীদের সঙ্গে খেলছিল আলিফ। এ সময় পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা একটি ব্যাগের ভেতর থেকে বেরিয়ে থাকা সুতলি টান দিলে হঠাৎ বিকট শব্দে বোমা সদৃশ্য বস্তুটির বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির পায়ের হাঁটুর পেছনের অংশ ঝলসে যায়।
বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন ছুটে এসে আহত শিশুকে উদ্ধার করে দ্রুত কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
খবর পেয়ে কালিয়া থানা পুলিশ তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি পরিদর্শন করে। পাশাপাশি কালিয়া উপজেলা আর্মি ক্যাম্পের সদস্যরাও ঘটনাস্থল ঘুরে দেখেন। তবে ঘটনাস্থল থেকে আর কোনো বিস্ফোরক বা সন্দেহজনক আলামত উদ্ধার করা যায়নি।
এলাকাবাসীর মধ্যে ঘটনাটি নিয়ে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। তাদের ধারণা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করতে কোনো কুচক্রী মহল পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটিয়ে থাকতে পারে।
কালিয়া থানার সূত্র জানায়, আহত শিশুর চিকিৎসা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে এবং দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



