স্থানীয় সংবাদ

প্রচারণায় এগিয়ে হেলাল, জয়ে আশাবাদি জামায়াত

খুলনা-৪ আসন :

কামাল মোস্তফা : রূপসা, তেরখাদা ও দিঘলিয়া নিয়ে খুলনা-৪ আসন। আসনটি অতীতে কখনো বিএনপি, কখনো আওয়ামী লীগের প্রার্থীরা বিজয়ী হন। এ আসনে জামায়াতে ইসলামি প্রার্থী দিলেও প্রতিদ্বন্দ্বীতা করতে পারেনি। তবে এবার তারা মাঠে সক্রিয় রয়েছেন। ইসলামি আন্দোলনের কেন্দ্রিয় এক নেতার ইসলামি দলগুলোর জোট প্রার্থী হওয়ার সম্ভবনা রয়েছে। আগের নির্বাচনগুলোতে আওয়ামীলীগের প্রার্থীরা কয়েকবার এমপি থাকায় তাদেরও ভোট ব্যাংক রয়েছে। নির্বাচনে অংশ নেয়া অনিশ্চিত হওয়ায় তাদের ভোটার টানতে তৎপরতা চালাচ্ছে বিএনপি ও জামায়াত।
খুলনা-৪ আসন : খুলনা-৪ আসন আড়ংঘাটা ও যোগিপোল ব্যতিত দিঘলিয়া উপজেলা, রুপসা উপজেলা ও তেরখাদা উপজেলা নিয়ে গঠিত। জাতীয় সংসদের ১০১ নম্বর আসন খুলনা-৪।
খুলনা জেলা নির্বাচন অফিসের চলতি বছরের নভেম্বর মাসের তথ্য মতে, এ আসনটিতে মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৭৩ হাজার নয়শত ৯৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯৬৮, নারী ভোটার ১ লাখ ৮৮ হাজার ২০ ও হিজড়া ভোটার ৫ জন। আসনটিতে ভোট কেন্দ্রের সংখ্যা ১৪৪টি।
খুলনা-৪ আসনে প্রার্থী যারা : খুলনা-৪ আসনে মোট ৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে যাচাই বাছাই শেষে একজন স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন বাতিল করেছে জেলা রিটার্নিং কর্মকর্তা। নির্বাচনে প্রতিদ্বন্দ¦ীতা করা ৪ প্রার্থী হলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, জামায়াতে ইসলামির প্রার্থী খুলনা জেলা কমিটির নায়েবে আমির কবিরুল ইসলাম, ইসলামী আন্দোলনের প্রার্থী দলের মহাসচিব ইউনুস আহমাদ সেখ ও খেলাফত মজলিসের এস এম শাখাওয়াত হোসাইন।
প্রার্থীদের তৎপরতা : আসনটিতে জামায়াতের প্রার্থী খুলনা জেলা কমিটির নায়েবে আমির কবিরুল ইসলাম। ইসলামী আন্দোলনের প্রার্থী দলের মহাসচিব ইউনুস আহমাদ। তাঁরা দু’জনই এলাকায় মোটামুটি সক্রিয়। তবে প্রচার-প্রচারণা এবং নির্বাচনী জনসংযোগে এগিয়ে রয়েছেন বিএনপি নেতা আজিজুল বারী হেলাল। এ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের কোন তৎপরতা নেই।
প্রার্থীরা যা বলছেন : আজিজুল বারী হেলাল বলেন, আমার নির্বাচনী এলাকার প্রধান সমস্যা বেকারত্ব। বেকারত্বে অভিশাপে যুব সমাজ মাদকের দিকে ঝুঁকে পড়ছে। তাদেরকে মাদক থেকে দূরে রাখতে কর্মসংস্থানের ব্যবস্থা করবো। তা ছাড়া এ এলাকার মানুষের স্বাস্থসেবা নিশ্চিতে সরকারি হাসপাতালগুলোর আধুনিকায়ন জরুরী। উন্নত চিকিৎসার জন্য মানুষের দূরবর্তী জেলা শহরে যেতে হয়। সেনেরবাজার থেকে জেলখানাঘাট সেতু নির্মাণ হলে মানুষ দ্রুত গিয়ে চিকিৎসা নিতে পারবে। এ ছাড়া রেলিগট থেকে নগরবাড়ি অসমাপ্ত সেতুর নির্মাণ কাজ শেষ করবো।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হলে প্রতিটি ইউনিয়নে হেল্থ সেন্টার করবো। তাতে একজন অসুস্থ মানুষ প্রাথমিক চিকিৎসা সেবা পাবে। আমার এলাকায় প্রচুর দুধ উৎপাদিত হয়। নির্বাচিত হলে দুধ সংরক্ষণের জন্য প্লান্ট তৈরি করবো।
আপনাকে কেন ভোটাররা ভোট দেবে জানতে চাইলে আজিজুল বারি হেলাল বলেন, আমি এ এলাকার ভূমিপুত্র। এ এলাকার মানুষের সাথে আমার নাড়ির সম্পর্ক। অতীতে এবং বর্তমানে আমি তাদের উন্নয়ন ও উৎপাদনের সাথে পাশে থেকেছি। আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে ২৫ বছর আমি এলাকার মানুষের সাথে সম্পর্কিত ছিলাম। আমার প্রতি তাদের ভালবাসার বর্হিপ্রকাশ তারা করতে পারেনি, কারণ গত ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। এবার তারা আমাকে বেঁছে নেবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বিষয়ে তিনি জানান, নির্বাচন হলে প্রতিদ্বন্দ্বীতা হবে। এই আসনটিতে মূলত প্রতিদ্বন্দ্বীতা হয় বিএনপি ও আওয়ামীলীগের মধ্যে। কিন্তু আওয়মীলীগ না থাকায় ধর্মভিত্তিক দলগুলো সেই জায়গাটি নেয়ার চেষ্টা করছে। তবে আমি মনে করি বিএনপির প্রতি মানুষের যে বিশ^াস তাতে প্রতিদ্বন্দ্বীতা সহজ হবে।
বাংলাদেশ জামায়াতে ইসলামির প্রার্থী খুলনা জেলা কমিটির নায়েবে আমির কবিরুল ইসলাম বলেন, তিনটি উপজেলার সবখানেই নদীভাঙ্গন ও জলাবদ্ধতার কারণে কৃষকরা ঠিকমত ফসল ফলাতে পারেনা। বিশেষত দিঘলিয়া উপজেলা নদীবেষ্টিত, অনেকটা দ্বীপের মত। তাই জেলা শহর ও অন্যান্য উপজেলার সাথে যুক্ত হতে ব্রীজ ও রাস্তাঘাটের উন্নয়ন খুবই জরুরী। তা ছাড়া দিঘলিয়ায় কলকারখানাগুলো প্রায় বন্ধ। নির্বাচিত হলে এগুলো সচল করতে সর্বাত্বক চেষ্ঠা করবো।
নির্বাচনে জয় লাভের আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, মানুষের প্রচুর সমর্থন পাচ্ছি। জনগণ পরিবর্তন চায়,আমরা সেই পরিবর্তনের নিশ্চয়তা দিচ্ছি।
ইসলামী আন্দোলনের মহাসচিব হাফেজ ইউনুস আহমাদ বলেন, ‘চাঁদাবাজি, দখল, লুটপাটের প্রতি মানুষের ঘৃণা জন্মে গেছে। প্রচারে গেলে মানুষ বলছে, আপনারা ইসলামপন্থিরা এগিয়ে আসুন। সুষ্ঠু ভোট হলে তারা ওই অপশক্তির বিরুদ্ধেই ভোট দেবে বলে আমার বিশ্বাস।’
কি বলছেন ভোটাররা ঃ ভোটারদের অভিযোগ, অতীতে যারা এখানে নির্বাচিত হয়েছেন এলাকার জন্য কাজ করেছেন খুবই কম। স্বধীনতার ৫৪ বছর পার হলেও বিভাগীয় শহরের সাথে শুধুমাত্র ছোট একটি নদী দ্বারা বিচ্ছিন্ন সবচেয়ে কাছের উপজেলার সাথে কোন সংযোগ সেতু তৈরি হয়নি। ভোটারদের জোর দাবি জেলখানাঘাট থেকে সেনের বাজার ব্রীজ তৈরির। তা ছাড়া আসনটিতে উন্নয়নের ছোয়া খুব কমই লেগেছে। তারা এমন প্রার্থীকে ভোট দিতে চায় যিনি সত্যিকার অর্থে এলাকার জন্য কাজ করবেন। পাশাপাশি জেলার উপজেলারগুলোর মধ্যে আইনশৃঙ্খা পরিস্থিতি নাজুক এই আসনের রুপসা উপজেলায়। যিনি সংসদ সদস্য হবেন তাকে আইনশৃঙ্খলা স্বাভাবিক করাকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। মাদক চাঁদাবাজি বন্ধ করতে হবে।
রুপসা উপজেলার সেনের বাজারের ভ্যান চালক শাজাহান গাজী বলেন, এমন প্রার্থীকে ভোট দেবো, যিনি আমাদের বিপদে পাশে থাকবে। গরীব মানুষের কষ্টের কখা চিন্তা করবে।
খুলনা-৪ আসনের বিগত নির্বাচনের ফলাফল যেমন ছিল : স্বাধীনতা পরবর্তী আসনটির ফলাফল বিশ্লেষণ করলে দেখা যায়, ১৯৯১, ১৯৯৬, ২০০৮ সালে আওয়ামীলীগের প্রার্থী বিজয় লাভ করে। এসব নির্বাচনগুলোতে বিএনপি প্রার্থী অল্প ব্যবধানে পরাজিত হয়। ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে আওয়ামীলীগের প্রার্থী সংসদ সদস্য হন। মাত্র একবারই ২০০১ সালে বিএনপি প্রার্থী এখান থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। এ ছাড়া ১৯৭৯ সালে মুসলিম লীগের প্রার্থী খান এ সবুর আসনটিতে বিজয় লাভ করেন। ওয়াকার্স প্রার্থী শেখ শহিদুল ইসলাম ১৯৮৬ সালের নির্বাচনে এমপি হন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button