স্থানীয় সংবাদ

কালিয়ার কলাবাড়িয়ায় জমিজমা বিরোধে সৎ ভাইদের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ৭

কালিয়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানার কলাবাড়িয়া ইউনিয়নের বোয়ালিয়াচর গ্রামে পারিবারিক জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সৎ ভাইদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত সাতজন গুরুতর আহত হয়েছেন।
১৯ জানুয়ারি সোমবার সকাল সাড়ে ৯টার দিকে মৃত সবুর মোল্যার সন্তান রফুল মোল্যা ও এলাক মোল্লার সঙ্গে তাদের সৎ ভাই তৌহিদ মোল্লা ও সাব্বির মোল্লার মধ্যে জমির মালিকানা ও ভোগদখল নিয়ে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা দফায় দফায় সংঘর্ষে রূপ নেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, প্রথমে মৌখিক বিরোধ হলেও পরে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে মুহূর্তের মধ্যেই পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। সংঘর্ষে আহতদের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হলেও আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
ঘটনার পর বোয়ালিয়াচর গ্রামসহ আশপাশের এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। যে কোনো সময় পুনরায় সংঘর্ষের আশঙ্কায় নড়াগাতী থানা পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধটি দীর্ঘদিন ধরে চলে আসছিল। এর আগেও একাধিকবার সালিশ ও স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হলেও তা স্থায়ী সমাধানে পৌঁছায়নি। ঘটনার বিষয়ে তদন্ত শুরু হয়েছে। আহতদের চিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। অভিযোগ পেলে নিয়ম অনুযায়ী মামলা গ্রহণ করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button