স্থানীয় সংবাদ

গুলি ও ককটেল ফাটিয়ে ডাকাতির চেষ্টা জন প্রতিরোধে পালানোর সময় আটক ১

# ঘটনা ধামাচাপার ষড়যন্ত্র অব্যাহত #

দিঘলিয়া প্রতিনিধি ঃ যশোরের অভয়নগর থানার সিদ্দিপাশায় একটি সংঘবদ্ধ সশস্ত্র দুর্বৃত্তচক্র জনৈক ব্যাংক গ্রাহকের উপর চড়াও এবং ঘেরাও করে টাকা ছিনতাইয়ের চেষ্টাকালে ককটেল বিস্ফোরণ, গোলাগুলি ও জনরোষানলে পড়ে বোমা ফাটিয়ে ও ফাঁকা গুলি চালিয়ে নদী ঝাপিয়ে পালানোর চেষ্টাকালে দিঘলিয়ার লোকজন একজনকে আটক করে পুলিশে সপর্দ করে এবং দিঘলিয়া থানায় জিডি করে গ্রেফতারকৃত যুবককে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে। অভয়নগর থানার এস আই জাহিদ ও এএসআই মাহবুব গ্রেফতারকৃত আসামীকে গ্রহণ করার জন্য দিঘলিয়া থানায় উপস্থিত হতে দেখা গেছে। দিঘলিয়া থানা ও দিঘলিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার (২৫ জানুয়ারি-২০২৬ ইং)যশোরের অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা এলাকায় প্রকাশ্যে গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জনৈক ব্যক্তির নিকট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার সময় এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত যুবকের নাম খালিদ গাজী (১৮)। আটককৃত খালিদ দিঘলিয়ার লাখোহাটি এলাকার নান্নু গাজীর পুত্র। তবে তার সাথে থাকা অন্য সহযোগী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। খালিদ ও তার সহযোগীকে লোকজন ধাওয়া করলে তারা ককটেল বিস্ফোরণ ও গুলি চালিয়েছিল বলে এলাকাবাসী সূত্রে জানা যায়। তবে অস্ত্র ও গোলাবারুদ ফেলে দিয়েছে না পালিয়ে যাওয়া সহোযোগীর কাছে ছিল তা জানা যায়নি।
ঘটনার বিবরণে জানা যায়, খানজাহান আলী থানার শিরোমণি এলাকার আবু ইউসুফের পুত্র শরিফুল ইসলাম (৩৭) গতকাল বিকেলে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় খালিদ গাজী ও তার সঙ্গী ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ওপর অতর্কিত আক্রমণ করে। এসময় শরিফুলের চিৎকার শুনে স্থানীয় লোকজন ছুটে আসলে ছিনতাইকারীরা তাদের লক্ষ্য করে এক রাউন্ড গুলি ছোড়ে এবং একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এতে এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জনতার ধাওয়া খেয়ে বাঁচতে দুই ছিনতাইকারী নদীতে ঝাঁপ দেয়। তারা নদী সাঁতরে দিঘলিয়ার নন্দন প্রতাপ গ্রামে পৌঁছালে সেখানকার গ্রামবাসী তাদের ঘিরে ফেলে। এসময় খালিদ গাজীকে স্থানীয়রা ধরে ফেললেও তার অন্য সঙ্গী সুকৌশলে পালিয়ে যায়। খবর পেয়ে সন্ধ্যা পৌনে ৬টার দিকে দিঘলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আটককৃত যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ ঘটনায় দিঘলিয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে (জিডি নং-১৩৬৪, তারিখ ২৫/০১/২০২৬ ইং)। অন্যদিকে, ভুক্তভোগী শরিফুল ইসলাম গতকালই অভয়নগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযোগ দায়েরের ২৪ ঘণ্টা পার হলেও এখন পর্যন্ত মামলা রুজু হয়নি বলে জানা গেছে।
অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী মহল এই দুর্র্ধষ ছিনতাইয়ের ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে এবং ধামাচাপা দিতে জোর তদবির চালাচ্ছে। এলাকায় অস্ত্র ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে চরম আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী অবিলম্বে এই চক্রের মূল হোতাদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এ ঘটনার পর অভয়নগর থানা অফিসার ইনচার্জ এর সাথে যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ সম্ভব হয়নি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button