যুক্তরাষ্ট্র থেকে ৫৭ হাজার টন গম এলো মোংলা বন্দরে

মোংলা (বাগেরহাট) প্রতিনিধি ঃ যুক্তরাষ্ট্র থেকে আমদানি হওয়া ৫৭ হাজার ৫০০ টন গম নিয়ে মোংলা বন্দরে নোঙ্গর করেছে পানামা পতাকাবাহী বিদেশী ব্যণিজ্যিক জাহাজ “আলট্রা ওল” । জাহাজটি গত ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় নোঙ্গর করে। রবিবার (১ ফেব্রুয়ারী) সকালে জাহাজে রক্ষিত গম খালাস কার্যক্রম শুরু হয়।
জাহাজটির স্থানীয় শিপিং এজেন্ট ‘সেভেন সিসে’র ব্যবস্থাপক মোঃ শামিম জানান, জাহাজটি গত বছরের ২১ ডিসেম্বর মার্কিন যুক্তরাষ্ট্রের ‘পোর্টল্যান্ড ওরেগন’ বন্দর থেকে মোংলা বন্দরের উদ্দেশ্যে ছেড়ে আসে। এ বছরের ২৯ জানুয়ারি বন্দরের ফেয়ারওয়ে বয়ায় এসে নোঙ্গর করে। এরপর গমের নমুনা পরীক্ষা শেষে রবিবার (১ ফেব্রুয়ারি) সকাল থেকে ওই জাহাজ থেকে গম খালাসের কার্যক্রম শুরু হয়।
মোংলা খাদ্য অফিসের সহকারী খাদ্য নিয়ন্ত্রক আব্দুস সোবহান সরদার জানান, যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে জি টু জি’ র চুক্তির আওতায় এই গম আমদানি কার্যক্রম চালু রয়েছে। এর আওতায় মোংলা বন্দরে মোট চার লাখ ৫০ হাজার টন গম আমদানি করা হবে। এরই মধ্যে সেই গমের চতুর্থ চালান হিসেবে গম নিয়ে জাহাজটি মোংলা বন্দরে অবস্থান করছে।
তিনি আরও বলেন, এর আগে গত বছরের ২ নভেম্বর প্রথম চালানে ২২ হাজার ৭৮০ টন, ১৪ নভেম্বর দ্বিতীয় চালানে ৬০ হাজার ৮৭৫ টন এবং চলতি বছরের ৫ জানুয়ারি তৃতীয় চালানে আমদানি করা হয় ২২ হাজার ৭৫৬ টন গম। সেসব গম প্রথমে সরকারি খাদ্য গুদাম মোংলা সাইলোতে মজুদ করে রাখা হয়। এরপর সেখান থেকে দেশের বিভিন্ন জেলায় পাঠানো হচ্ছে বলেও জানান তিনি।
জানা যায়, বাণিজ্য ঘাটতি মেটাতে গত বছর জুলাই মাসে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশ সরকারের এমওইউ সই হয়, যার মেয়াদ পাঁচ বছর।



