দেশের উন্নয়ন করতে হলে নারী পুরুষ সবাইকে এক সাথে কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে -বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান

যশোর ব্যুরো ঃ বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, বিএনপি দেশের বাস্তব সমস্যা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলতে চায়। বিএনপি বিশ্বাস করে দেশের উন্নয়ন করতে হলে নারী- পুরুষ সবার সমান অংশগ্রহণ প্রয়োজন। নারী পুরুষ কাধে কাধ মিলিয়ে কাজ করতে হবে। বিএনপি রাজনীতি করে এদেশের মানুষের জন্য। এজন্য বিএনপি যতবার সরকার গঠন করেছে ততবারই পদক্ষেপ নিয়েছে দেশের উন্নয়ন করার। দেশকে গড়তে হলে নারী-পুরুষ সবাইকে এক হয়ে কাজ করতে হবে। ২ ফেব্রুয়ারি সোমবার বেলা ২ টায় যশোর উপশহর ডিগ্রী কলেজ মাঠে জেলা বিএনপি আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির ভাষণে তিনি এসব কথা বলেন। তারেক রহমান বলেন, বিএনপি বিশ্বাস করে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে তবেই দেশ ও মানুষের প্রকৃত সমস্যার সমাধান সম্ভব হবে। গত ১৬-১৭ বছর ধরে এদেশের রাজনীতি বিদরা তথা দেশের মানুষ রাজনৈতিক অধিকার আদায়ের আন্দোলনে অসংখ্য মানুষ নির্যাতনের শিকার হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন এমনকি শেষ পর্যন্ত জীবনও দিতে হয়েছে অনেককে। এই আত্মত্যাগের প্রতিদান দিতে হলে শুধু সভা সমাবেশ যথেষ্ট নয়। জনগণের অধিকার ফিরিয়ে আনতে হলে আগামী ১২ তারিখ সবাইকে সোচ্চার হতে হবে। সবাইকে সর্তক থাকতে হবে। তারেক রহমান যশোরে কৃষি ও ফুল চাষের সম্ভাবনার কথা তুলে ধরে বলেন, বিএনপি সরকার গঠন করলে এ অঞ্চলের ফুল দেশের প্রয়োজন মিটিয়ে বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি করার ব্যবস্থা করবে । কৃষি ক্ষেত্রে নেয়া হবে বিভিন্ন পদক্ষেপ। যার অংশ হিসেবে শার্শার উলশি খাল খননসহ সব বিল খাল উন্মুক্ত করা হবে।
নারী উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন,সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময় মেয়েদের দ্বাদশ শ্রেণী পর্যন্ত বিনা খরচে শিক্ষার সুযোগ চালু করা হয়েছিল। যার সুফল আজও পাওয়া যাচ্ছে। ভবিষ্যতে বিএনপি সরকার গঠন করতে পারলে নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী করতে প্রতিটি মায়ের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেয়ার পরিকল্পনা নিয়েছে। কৃষকদের জন্য প্রয়োজনীয় বীজ ও সার ঘরে ঘরে পৌঁছে দিতে কৃষক কার্ড চালুর পরিকল্পনার কথাও জানান তিনি । তারেক রহমান বলেন,তরুণ সমাজকে আইটি প্রশিক্ষণ দেয়া হবে এবং বিদেশ যেতে আগ্রহীদের প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। মসজিদ-মাদ্রাসার ইমাম খতিব মুয়াজ্জিনসহ বিভিন্ন ধর্মের ধর্ম গুরুদের জন্য মাসিক সম্মানির ব্যবস্থার আশ্বাস দিয়ে তিনি বলেন, ১২ তারিখে ধানের শীষ বিজয়ী হলে ১৩ তারিখ থেকেই এসব কার্যক্রম শুরু করা হবে। সমাবেশে সভাপতিত্ব করেন যশোর জেলা বিএনপির সভাপতি এডভোকেট সৈয়দ সাবরুল হক সাবু। নেতৃবৃন্দের মধ্যে বক্তৃতা করেন বিএনপি’র খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত,চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মেহেদী আহমেদ রুমি,বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এডভোকেট নিতাই রায় চৌধুরী, অধ্যাপক নার্গিস বেগমসহ ধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, ইন্দ্র তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, জাকির হোসেন,বিশ্বাস জাহাঙ্গীর আলম ,আলি আহমেদ, আব্দুল মজিদ, কুতুব উদ্দিন আহমেদ প্রমূখ। সমাবেশ পরিচালনা করেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন। নির্বাচনী সমাবেশ শেষে প্রধান অতিথি তারেক রহমান জুলাই যুদ্ধাহত এবং শহীদদের পিতা মাতার সাথে কুশল বিনিময় করেন।পরে তিনি বিকাল সাড়ে তিনটায় হেলিকপ্টার যোগে ঢাকার উদ্দেশ্যে যশোর ত্যাগ করেন।



