পারিবারিক কলহের জেরে গৃহবধূর আত্মহত্যা

খুমেক প্রতিনিধি ঃ খুলনা মহানগরীর আড়ংঘাটা থানাধীন রায়েরমহল মধ্যপাড়া এলাকায় পারিবারিক কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, আজ বুধবার (০৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে রায়েরমহল মধ্যপাড়া কালাম কমিশনারের বাড়ির সামনে নিজ বাসায় শ্রাবণী আক্তার ময়না (২৮) আত্মহত্যা করেন। তিনি শেখ টুটুল হোসেনের স্ত্রী। নিহতের পিতার নাম জানা যায়নি। প্রাথমিক তথ্যে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে তিনি নিজ ঘরের ভেতরে ওড়না দিয়ে বাশের আড়ার সঙ্গে গলায় ফাঁস দেন। পরে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে দ্রুত আড়ংঘাটা থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। সংবাদ পেয়ে আড়ংঘাটা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বিকেল ৪টা ৪৫ মিনিটে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৪টা ৫০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।



