স্থানীয় সংবাদ

তারেক রহমানের নির্বাচনী জনসভা সফল করায় খুলনাবাসীর প্রতি বিএনপির কৃতজ্ঞতা

খবর বিজ্ঞপ্তি ঃ ২ ফেব্রুয়ারি খালিশপুরের প্রভাতী স্কুলমাঠে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভা শান্তিপূর্ণ ও সফলভাবে সম্পন্ন হওয়ায় খুলনা মহানগর ও জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, পার্শ্ববর্তী জেলার নেতৃবৃন্দ এবং সর্বস্তরের খুলনাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন খুলনা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। বুধবার (৪ ফেব্রুয়ারি) খুলনা মহানগর বিএনপির মিডিয়া সেল প্রদত্ত এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, জনসভাটি ছিল গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার সংগ্রামে একটি ঐতিহাসিক মাইলফলক। স্বতঃস্ফূর্ত জনস্রোত, নেতাকর্মীদের শৃঙ্খলাপূর্ণ অংশগ্রহণ এবং সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি প্রমাণ করেÑখুলনাবাসী পরিবর্তনের পক্ষে ঐক্যবদ্ধ। বিবৃতিতে বলা হয়, সকল প্রতিকূলতা উপেক্ষা করে বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি তারেক রহমানের নেতৃত্বে বিএনপির প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার বহিঃপ্রকাশ। খুলনার মানুষ আবারও দেখিয়ে দিয়েছেÑগণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়ের প্রশ্নে তারা আপসহীন। এ সময় জনসভা বাস্তবায়নে সার্বিক সহযোগিতার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্বেচ্ছাসেবক, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সকলের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, জনসভার কারণে নগরীর বিভিন্ন এলাকায় যানজটসহ জনসাধারণের যে সাময়িক দুর্ভোগ সৃষ্টি হয়েছে, সে জন্য খুলনাবাসীর নিকট আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছেন বিএনপি নেতৃবৃন্দ। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি বাস্তবায়নে জনদুর্ভোগ কমিয়ে আনার বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আশ্বাসও দেওয়া হয়। বিবৃতিদাতারা হলেন, খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ছাত্র বিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির তথ্য বিষয়ক সম্পাদক ও খুলনা-৪ আসনের ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল, খুলনা মহানগর বিএনপির সভাপতি অ্যাডভোকেট শফিকুল আলম মনা, জেলা বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান মন্টু, খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী আলী আসগার লবি, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন এবং জেলা বিএনপির সদস্য সচিব (ভারপ্রাপ্ত) ও খুলনা-৬ আসনের ধানের শীষের প্রার্থী মনিরুল হাসান বাপ্পী প্রমুখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button