স্থানীয় সংবাদ

ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে সকল সমস্যার স্থায়ী সমাধান সম্ভব : মাওলানা আবুল কালাম আজাদ

লস্কর ইউনিয়নের নির্বাচনী জনসভা

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ আসনের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অবহেলিত জনপদের উন্নয়নে জামায়াতে ইসলামী আপসহীনভাবে কাজ করে যাচ্ছে। জনগণের ভোট ও সমর্থনের মাধ্যমে একটি ইনসাফভিত্তিক সমাজ গড়ে তুলতে তিনি সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে পাইকগাছা উপজেলার লস্কর ইউনিয়নের আলমতলা ইসলামিয়া আজিজিয়া ফাজিল ডিগ্রি মাদরাসার মাঠে লস্কর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন।
লস্কর ইউনিয়নের আমীর মাওলানা মোজাফফর হোসেনের সভাপতিত্বে এবং সেক্রেটারি এস এম শামসুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী সরদার, তামজিদ আলম ও শেখ কামাল হোসেন, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার আল গিফারী, পাইকগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর মাওলানা সাইদুর রহমান, নায়েবে আমীর বুলবুল আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুস সবুর, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি ডা. আসাদুল ইসলাম, পৌর নায়েবে আমীর স. ম. আব্দুল্লাহ আল মামুন, লস্কর ইউনিয়নের বায়তুলমাল সেক্রেটারি আসমাতুল্লাহ শিকারী, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আহসান হাবিব, ষোলাদানা ইউনিয়ন আমীর ডা. শফিকুল ইসলাম, এনসিপি নেতা আদনান আসিফ প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ বলেন, লস্কর ইউনিয়ন দীর্ঘদিন ধরে রাজনৈতিক অবহেলা ও পরিকল্পনাহীন উন্নয়নের শিকার। এখানকার মানুষের প্রধান সমস্যা হলো টেকসই রাস্তাঘাটের অভাব, জলাবদ্ধতা, সুপেয় পানির সংকট, শিক্ষা ও স্বাস্থ্যসেবার দুর্বলতা এবং কর্মসংস্থানের ঘাটতি। তিনি বলেন, ক্ষমতার রাজনীতি নয়, জনকল্যাণমূলক রাজনীতির মাধ্যমে এসব সমস্যার স্থায়ী সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, নির্বাচিত হলে লস্কর ইউনিয়নে আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা, মাদ্রাসা ও স্কুলের মানোন্নয়ন, দরিদ্র ও শ্রমজীবী মানুষের জন্য সামাজিক নিরাপত্তা জোরদার, যুব সমাজের জন্য কর্মমুখী প্রশিক্ষণ ও কর্মসংস্থানের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি নারীদের নিরাপত্তা ও ন্যায্য অধিকার নিশ্চিত করাকে অগ্রাধিকার দেওয়া হবে।
রাজনৈতিক পরিবেশ নিয়ে তিনি বলেন, ভয়ভীতি ও দখলদারিত্বের রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ, সহনশীল ও নৈতিক রাজনৈতিক সংস্কৃতি গড়ে তুলতে হবে। সমাজ থেকে মাদক, দুর্নীতি ও সন্ত্রাস নির্মূলে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বক্তারা বলেন, লস্কর ইউনিয়নসহ উপকূলীয় অঞ্চলের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে সৎ ও যোগ্য নেতৃত্ব প্রয়োজন। তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। জনসভায় স্থানীয় বিপুল সংখ্যক নেতা-কর্মী ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button