জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে : রকিবুল ইসলাম বকুল

স্টাফ রিপোর্টার ঃ জুলাইয়ের এই গণ-অভ্যুত্থান যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে, তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই দলীয় কর্মসূচি ও ভবিষ্যৎ রাষ্ট্র পরিচালনার পরিকল্পনা সাজানো হচ্ছে। ছাত্র-জনতার ঐতিহাসিক জুলাই বিপ্লবের মূল লক্ষ্য ও আকাঙ্ক্ষা পূরণই আগামী দিনের রাজনীতির প্রধান ভিত্তি হবে বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে দৌলতপুর থানার ৪নং ওয়ার্ড দৌলতপুর থানাধীন বাইতুলফালা জামে মসজিদের উদ্যোগে এলাকাবাসীর সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন, কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল। জুলাইয়ের রাজপথ তরুণদের রক্তে রঞ্জিত হয়েছে একটি শোষণমুক্ত ও ন্যায়বিচারভিত্তিক সমাজ গঠনের আশায়। সেই আকাঙ্ক্ষাকে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। বরং সেই স্বপ্নগুলোকে ধারণ করেই বিএনপি সাধারণ মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে। জুলাইয়ের এই চেতনা কেবল একটি সাময়িক বিজয় নয়, বরং এটি দীর্ঘদিনের দুঃশাসন থেকে মুক্তির একটি শক্তিশালী স্মারক। খুলনার রাজনৈতিক পরিস্থিতি ও জনমানুষের প্রত্যাশা নিয়ে কথা বলতে গিয়ে বকুল আরও উল্লেখ করেন, সাধারণ মানুষ আজ পরিবর্তনের অপেক্ষায়। তরুণ সমাজ চায় এমন এক ব্যবস্থা যেখানে স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকবে। খুলনা-৩ আসনের মানুষের দুঃখ-দুর্দশার কথা স্মরণ করে তিনি প্রতিশ্রুতি দেন যে, বিপ্লবের পর জনগণের মধ্যে যে প্রত্যাশার সৃষ্টি হয়েছে, তা পূরণে তিনি এবং তার দল নিরলসভাবে কাজ করে যাবেন। রকিবুল ইসলাম বকুল আরো উল্লেখ করেন, জুলাইয়ের বিপ্লব আমাদের কাঁধে বিশাল দায়িত্ব অর্পণ করেছে। কোনো ধরনের দখলদারিত্ব বা বিশৃঙ্খলা এই মহান অর্জনকে ম্লান করতে পারে না। তাই প্রতিটি কর্মীকে সাধারণ মানুষের আস্থার প্রতীক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান তিনি। জনগণের ভোটাধিকার পুনরুদ্ধার এবং রাষ্ট্রীয় সংস্কারের মাধ্যমেই জুলাইয়ের আকাঙ্ক্ষার প্রকৃত বাস্তবায়ন সম্ভব। মতবিনিময় সভায় তৌহিদুজ্জামান শেখের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ন আহবায়ক চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক মোঃ মোশারফ হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন তোতন । এছাড়া আরো উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি লিয়াকত হোসেন লাভলু, সাধারণ সম্পাদক শেখ আরমান হোসেন, সাবেক কাউন্সিলর কবির হোসেন কবু মোল্লা, বি এল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি এরশাদ হোসেন ডাবলু, বিশিষ্ট ব্যবসায়ী গাজী আসিফুল হক মনি, মহিদুল ইসলাম টিপু, কামরুল ইসলাম বাচ্চু প্রমুখ। মতবিনিময় সভায় দৌলতপুর থানা ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিপুল সংখ্যক সাধারণ মানুষ অংশ নেন।



