স্থানীয় সংবাদ

কুয়েটে ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬ সমাপ্তি

# চ্যাম্পিয়ন ইলেকট্রিক্যাল অ্যান্ড
ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগ #

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে ‘ইন্টার ডিপার্টমেন্ট টি-১০ ক্রিকেট টুর্নামেন্ট-২০২৬’। ব্যাট-বলের জমজমাট লড়াইয়ে ব্যক্তিগত নৈপুণ্যে টুর্নামেন্ট মাতিয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের শিক্ষার্থীরা। বিশেষ করে ইইই বিভাগের শিক্ষার্থী মেসবাহ আহমেদ তুষারের একক আধিপত্যে টুর্নামেন্টটি ইইই বিভাগের সাফল্যের মঞ্চে পরিণত হয়। শনিবার (৭ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী সম্পন্ন হয়। বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ দপ্তরের আয়োজনে গত ২৮ জানুয়ারি শুরু হয়েছিল ১৬টি বিভাগের এই লড়াই। টুর্নামেন্টের শুরু থেকেই বিধ্বংসী ফর্মে ছিলেন ইইই বিভাগের শিক্ষার্থী মেসবাহ আহমেদ তুষার। তিনি একাধারে টুর্নামেন্ট সেরা (সেরা খেলোয়াড়), সর্বোচ্চ রান সংগ্রাহক, এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা ও সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন। এছাড়া উইকেটের পেছনে গ্লাভস হাতেও সেরা দাপট দেখিয়ে সেরা উইকেট রক্ষকের পুরস্কার নিজের করে নেন তিনি। বোলিংয়ে দ্যুতি ছড়িয়েছেন ইইই বিভাগেরই শাহরিয়ার খান সেতু। টুর্নামেন্টে দুর্দান্ত এক হ্যাটট্রিকসহ সর্বোচ্চ উইকেট শিকারির খেতাব জিতেছেন তিনি। এছাড়া সেরা উদীয়মান খেলোয়াড় ও সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন ইসিই বিভাগের মঈন। আইইএম বিভাগের সাকিব নির্বাচিত হয়েছেন সেরা বোলার হিসেবে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের জ্যৈষ্ঠ অধ্যাপক ও আইইপিটির পরিচালক প্রফেসর ড. এ. এন. এম. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইইই বিভাগের শিক্ষক ও আইডিএম এর পরিচালক প্রফেসর ড. মোঃ নূরুন্নবী মোল্লা, ইইই বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রফিক। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালক (ছাত্র কল্যাণ) প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। বক্তব্যে বক্তারা বলেন, প্রকৌশল বিদ্যার কঠিন পড়াশোনার মাঝে মাঠের এই খেলার লড়াই শিক্ষার্থীদের মানসিক প্রশান্তি ও আন্তঃবিভাগীয় সম্পর্ক সুদৃঢ় করেছে। বক্তব্যে শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেন। সমাপনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা, ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। টুর্নামেন্টে পুরো আসরে সফলভাবে আম্পায়ারিং করেন মোঃ আলমগীর হোসেন ও মোঃ মিলন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button