মানুষের দোয়া ও ভালোবাসা থাকলে কোনো অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না : এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

# ৩১ নং ওয়ার্ডের লবণচরা বান্দাবাজার মিল চত্বরে নির্বাচনী জনসভা #
স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুরনা মহানগরী সেক্রেটারি ও খুলনা-২ আসনের জামায়াত মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেছেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় ধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাস করে। সব ধর্মের মানুষ যেন নিরাপদ ও মর্যাদার সঙ্গে বসবাস করতে পারে, সে লক্ষ্যে কাজ করা হবে। তিনি বলেন, আমার এলাকার সবার ঐক্যবদ্ধ দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি। এই দোয়া ও ভালোবাসা থাকলে কোনো অপশক্তি আমাদের বিজয় ছিনিয়ে নিতে পারবে না, ইনশাল্লাহ। রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে খুলনা ২ আসনের ৩১ নং ওয়ার্ডের লবণচরা বান্দাবাজার মিল চত্বরে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।
জনসভায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন খুলনা মহানগরী জামায়াতের সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা সদর থানা আমীর এস এম হাফিজুর রহমান, লবণচরা থানা আমীর মোজাফফর হোসেন, সেক্রেটারি মাহমুদুল হাসান, ৩১ নং ওয়ার্ডের আমীর নুর হেসেন বাবুল, সেক্রেটারি ফিরোজ মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা মাস্টার হানিফ বালি, ডা. শাহজালাল, মোল্লা নাছির উদ্দীন, হাফেজ আল আমিন, বেল্লাল হোসেন, নাঈম ইসলাম, রেজাউল করিম, ইমন, এডভোকেট শহিদুল ইসলাম, রুমি, নুর আলম, শহিদুল ইসলাম উজ্বল, কাইয়ুম, আবদুর রহমান ইরফান, মিলন, টুটুল, মহসিন মুন্না প্রমুখ।
এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, রাজনীতিকে যারা ব্যবসায়িক পণ্য করে, তারা কখনও দেশকে গড়ে তুলতে পারবে না। আমরা আর পুরোনো রাজনীতিতে ফিরতে চাই না। পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশকে পাল্টে দিতে চাই। তিনি আরও বলেন, মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। চাঁদাবাজি ও সন্ত্রাসের কারণে তারা অতিষ্ঠ। সমাজে এখন কেউই ভালো নেই। সকল সেক্টরে শান্তি ফিরিয়ে আনতে আসন্ন নির্বাচনে ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে সকলের প্রতি আহ্বান জানান তিনি। কল্যাণমূলক রাষ্ট্র সংস্কারে ‘হ্যাঁ’ ভোট দিতেও সকলের প্রতি অনুরোধ জানান তিনি।



