মোল্লাহাটে ১১ দলীয় জোটের নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি : নির্বাচনী প্রচার-প্রচারণার শেষ দিনে মোল্লাহাটে এগারো দলীয় জোটের মনোনীত প্রার্থী অধ্যক্ষ মশিউর রহমান খান এর নির্বাচনী গণ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় উপজেলার বোয়ালিয়া ঢাকা-খুলনা মহাসড়ক থেকে মিছিলটি শুরু হয়ে মোল্লাহাট বাজারের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থলে ফিরে শেষ হয়। মিছিল পরবর্তী এক সংক্ষিপ্ত বক্তব্যে জামায়াতের নেতৃবৃন্দ বলেন, আগামীর নির্বাচনে বিজয় হবে বাংলাদেশের ১৮ কোটি মানুষের। তারা আগামী নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থীকে বিজয়ী করার জন্য দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার আহবান জানান। জনগণকে সাথে নিয়ে এবং জনগণের সমর্থন নিয়ে বাংলাদেশ জামায়াত ইসলামী বিপুল ভোটে জয়ী হবে বলে তারা প্রত্যাশা ব্যক্ত করেন ।
উক্ত নির্বাচনী গণ মিছিলে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মোঃ হাসমত আলী সরদার। পরিচালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মোঃ হেদায়েত উল্লাহ। অন্যান্য নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিসের বাগেরহাট জেলা সহ-সভাপতি মাওলানা মুফতি ইব্রাহিম কামাল, এনসিপির মোল্লাহাট উপজেলা সমন্বয় কমিটির সদস্য খায়রুজ্জামান দুখু বাংলাদেশ খেলাফত মজলিস মোল্লাহাট উপজেলার সেক্রেটারি হাফেজ মাওলানা আনিসুর রহমান, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি হাফেজ নাজমুল ইসলাম, সেক্রেটারি মোঃ পারভেজ আলম, ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি আরিফুল ইসলাম শিহাব প্রমূখ।



