কয়রা-পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লাকে বিজয়ী করতে হবে : মাওলানা আবুল কালাম আজাদ

# পাইকগাছায় নির্বাচনী জনসভায় #
কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, খুলনা অঞ্চল সহকারী পরিচালক ও খুলনা-৬ ( কয়রা-পাইকগাছা) আসনের ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, দক্ষিণ খুলনার অবহেলিত উপকূলীয় অঞ্চল কয়রা-পাইকগাছাকে আধুনিক করে গড়ে তুলতে হলে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করতে হবে। আগামী দিনে জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে আমরা নতুন একটি বাংলাদেশ গড়ে তুলতে চাই। যাতে করে বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা গ্রহন করা হবে। সকল সুবিধা বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে আনা হবে। আমরা ক্ষমতায় গেলে দুর্নীতি করবো না এবং কাউকে দুর্নীতি করতে দেব না। সোমবার ( ৯ ফেব্রয়ারি) বিকেল ৫ টায় খুলনা জেলার পাইকগাছা সরকারি কলেজ মাঠে জামায়াতে ইসলামীর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পাইকগাছা উপজেলা মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্বে ও সেক্রেটারি আলতাফ হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সাবেক এমপি অধ্যক্ষ শাহ মুহাম্মদ রুহুল কুদ্দুস। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা গোলাম সরোয়ার, সহকারী সেক্রেটারি এডভোকেট মোস্তাফিজুর রহমান, খুলনা মহানগরীর সহকারী সেক্রেটারি এডভোকেট শাহ-আলম, খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট লিয়াকত আলী, মাওলানা আমিনুল ইসলাম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির খুলনা জেলা সভাপতি এডভোকেট হানিফ উদ্দীন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির পাইকগাছা উপজেলা সভাপতি ডা. সাইদুর রহমান, পাইকগাছা উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা বুলবুল আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আব্দুল কুদ্দুস, কয়রা উপজেলা আমীর মাওলানা মিজানুর রহমান, ডুমুরিয়া উপজেলার হিন্দু কমিটির সেক্রেটারি দেবপ্রসাদ মন্ডল, কোষাধ্যক্ষ গৌতম মন্ডল, পাইকগাছা উপজেলা এনসিপি সভাপতি হাফিজ বিন তারিক, ইসলামী ছাত্র শিবিরের খুলনা জেলা দক্ষিণের সভাপতি আবু জার গিফারী, সাবেক সভাপতি স. ম. আব্দুল্লাহ আল মামুন, মো. আব্দুর রহিম, জুলাইযোদ্ধা রানা শেখ প্রমুখ।
মাওলানা আবুল কালাম আজাদ আরো বলেন, জামায়াত ইসলামী বিজয়ী হলে কয়রা-পাইকগাছায টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হবে, সুন্দরবন কেন্দ্রীক পর্যটন নির্মাণ করার পাশাপাশি রাস্তাঘাট, কালভার্টসহ সকল শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন করা হবে। এ ছাড়াও বনদস্যু নির্মুলে ব্যবস্থা গ্রহণ, চাঁদাবাজি নির্মুল করে সোনার বাংলা গড়তে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান।



