জামায়াতের মহিলা বিভাগের স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী গণমিছিল

# খুলনা-২ আসনে ‘দাঁড়িপাল্লা’ ও ‘হ্যাঁ’ ভোটের সমর্থনে #
স্টাফ রিপোর্টার ঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে খুলনা মহানগরীতে অনুষ্ঠিত হয়েছে জামায়াতে ইসলামীর স্মরণকালের সর্ববৃহৎ নির্বাচনী মহিলা বিভাগের গণমিছিল। বিপুল উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশে আয়োজিত দীর্ঘ এই মিছিলটি গোটা শহরকে জনসমুদ্রে পরিণত করে। মিছিলের অগ্রভাগে নেতৃত্ব দেন খুলনা-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল।
সোমবার বিকেল ৩টায় নগরীর বাবরী চত্বর (শিববাড়ি মোড়) থেকে গণমিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রয়্যাল মোড়ে গিয়ে শেষ হয়। তবে দুপুর পর থেকেই খুলনা-২ আসনের বিভিন্ন এলাকা থেকে জামায়াতের মহিলা কর্মী ও সমর্থকরা রিকশা-ভ্যান, অটো ও পায়ে হেঁটে বাবরী চত্বর মোড়ে জড়ো হতে থাকেন। মাত্র এক ঘণ্টার মধ্যেই বাবরী চত্বর, আলিশ^ান মোড়, খলিল চেম্বার, ময়লাপোতা মোড়সহ আশপাশের এলাকা কানায় কানায় পূর্ণ হয়ে ওঠে।
মিছিল শুরু হওয়ার সঙ্গে সঙ্গে খুলনা শহর যেন এক বিশাল গণমিছিলে রূপ নেয়। সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে পড়েন সাধারণ মানুষ কৌতূহল ও বিস্ময়ের দৃষ্টিতে উপভোগ করেন নারী জাগরণের এই ব্যতিক্রমী দৃশ্য। সুশৃঙ্খল, শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ এই মিছিল শহরজুড়ে এক অনন্য আবেগী পরিবেশ সৃষ্টি করে।
শহরের শেখ পাড়ার প্রবীণ বাসিন্দা আজিজুর রহমান আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “খুলনার ইতিহাসে মহিলাদের এমন বিশাল ও সুশৃঙ্খল মিছিল আগে কখনো দেখিনি। এটা সত্যিই নজিরবিহীন।”
এই বিশাল মহিলা মিছিলকে ঘিরে স্থানীয় রাজনীতিতে ব্যাপক আলোচনা ও আলোড়ন সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ করেছে এবং খুলনার রাজনীতিতে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে এই মিছিল।
মিছিল পূর্ব নারী সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী সেক্রেটারি জামায়াতে ইসলামী মনোনীত ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী এডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বলেন, দেশের নারী সমাজ আজ আর পিছিয়ে নেই। ন্যায়বিচার, সুশাসন ও ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠায় নারীদের সক্রিয় ও ঐক্যবদ্ধ ভূমিকা অপরিহার্য। তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক সমাজ গঠনে নারীদের সচেতন অংশগ্রহণ সময়ের দাবি। তিনি আসন্ন জাতীয় নির্বাচনে সত্য, ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লা’র পক্ষে অবস্থান নিতে এবং ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত গ্রহণের জন্য মহিলা কর্মীদের প্রতি আহ্বান জানান।
খুলনা মহানগরী মহিলা বিভাগের সেক্রেটারি শামসুন্নাহারের সভাপতিত্বে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি প্রিন্সিপাল শেখ জাহাঙ্গীর আলম, খুলনা মহানগরী কর্মপরিষদ সদস্য এডভোকেট শাকিয়া বেগম, ডা.মারজিয়া, ইঞ্জিনিয়ার তাসলিমা বেগম, প্রার্থীর সহধর্মিণী সহকারী শিক্ষকা কামরুন্নেসা খুশি, সমাজকর্মী সাইয়েদা নাসরিন রোজি প্রমুখ।
মিছিলে অংশগ্রহণকারীদের হাতে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন দেখা যায়। এ সময় তারা ‘দাঁড়িপাল্লায় ভোট দিন’ এবং ‘সৎ ও যোগ্য নেতৃত্ব চাই’ সহ বিভিন্ন স্লোগান দেন। কয়েক হাজার নারী কর্মীর অংশগ্রহণে অনুষ্ঠিত এই বিশাল গণমিছিল ও পথসভা এলাকায় ব্যাপক সাড়া ফেলে। ব্যানার, ফেস্টুন ও বিভিন্ন স্লোগানের মাধ্যমে মিছিলটি সাধারণ মানুষের মাঝে ভোটের গুরুত্ব ও সচেতনতার বার্তা পৌঁছে দেয়। শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে কর্মসূচি শেষ হয়।



