খালিশপুরে হঠাৎ বিদ্যুৎ সংযোগের তার চুরির হিড়িক

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরীর খালিশপুরে গেল কয়েক সপ্তাহের ব্যবধানে বিদ্যুতের সংযোগ তার চুরির হিড়িক পড়েছে। গেল সোমবার বয়রা অক্ষর বিদ্যাপিঠ স্কুল থেকে সাতটি সংযোগ তার চুরি করে চোর চক্র। এর আগে খালিশপুরে গোয়ালখালীতে আসাদুজ্জামান বিপ্লব, মির্জা সুজাউদ্দিন লিটন ও মিজানুর রহমান মাইজের বাড়ীসহ আশেপাশে একাধিক বাড়ীতে গণহারে বিদ্যুতের তার চুরি হয়। এ বিষয়ে কথা হয় অক্ষর বিদ্যাপিঠ এর পরিচালক প্রসেনজিৎ সাহার সাথে তিনি বলেন, রবিবার স্কুল বন্ধ রেখে দুপুরে চলে আসি। পরদিন সকালে স্কুল খোলার পর দেখি স্কুলে বিদ্যুৎ নেই। পরে দেখি আশেপাশে অন্য বাড়ীতে বিদ্যুৎ আছে। এরপর দেখি কোন বিদ্যুতের তার নেই। বিদ্যুতের পিলার থেকে তার নিয়ে গেছে কেটে। একই কথা বলেন, আসাদুজ্জামান বিপ্লব তিনি বলেন, আমার বাড়ীতে মোট দুইবার তার চুরি হলো এর আগে গেল দেড় বছর আগে একবার চুরি হয়। গেল দুই সপ্তাহ আগে হঠাৎ দেখি ঘরে বিদ্যুৎ নেই। প্রথমে ভেবেছিলাম লোডসিডিং সকালে দেখি আশে পাশে আরও কয়েকটি বাড়ী সহ আমার বাড়ীর বিদ্যুতের তার চুরি হয়ে গেছে। মূলতঃ মাদকের টাকার জন্য এসব তার চুরি হচ্ছে। এ বিষয়ে খালিশপুর থানার অফিসার ইনচার্জ মোঃ তৌহিদুজ্জামান বলেন, অক্ষর বিদ্যাপিঠ এর চুরি যাওয়া তারসহ চোরকে সোনাডাঙ্গা থানা পুলিশ আটক করেছে। আমরা রাত্রে পুলিশের টহল জোরদার করেছি। আমরা বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি।



