সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম শাহাদাৎ বার্ষিকী আজ

স্টাফ রিপোর্টার : খুলনা প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সভাপতি ও দৈনিক সংগ্রামের সাবেক খুলনা ব্যুরো প্রধান শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দিনের ২১তম শাহাদাৎবার্ষিকী আজ বুধবার (১১ ফেব্রুয়ারি)। এ উপলক্ষে খুলনা প্রেসক্লাব ও এমইউজে খুলনা বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে- খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, কবর জিয়ারত, স্মরণসভা ও দোয়া মাহফিল।
এদিকে, শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ঘোষিত দুইদিনব্যাপী কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার উদ্যোগে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। দ্বিতীয় দিন আজ বুধবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টায় এমইউজে খুলনার উদ্যোগে খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন রায়ের মহলস্থ শহীদ সাংবাদিক শেখ বেলাল উদ্দীনের কবর জিয়ারত এবং যোহরবাদ খুলনা প্রেসক্লাবের নামাজের স্থানে দোয়া করা হবে।
এছাড়া খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকেও আজ ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় খুলনা প্রেসক্লাব চত্বরে অবস্থিত শহিদ সাংবাদিক স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন এবং এরপর ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, সাংবাদিক শেখ বেলাল উদ্দিন ২০০৫ সালের ৫ ফেব্রুয়ারি রাত ৯টায় খুলনা প্রেসক্লাব চত্বরে বোমা হামলায় গুরুতর আহত হন। পরে ১১ ফেব্রুয়ারি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি চিকিৎসাধীন অবস্থায় শাহাদাৎবরণ করেন।
সাংবাদিক শেখ বেলাল উদ্দিন হত্যাকা-ের ঘটনায় খুলনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে দুটি মামলা দায়ের করেন। ২০০৭ সালের ২৯ নভেম্বর খুলনার দ্রুত বিচার ট্রাইব্যুনালের ঘোষিত রায়ে আদালত চরমপন্থি নেতা হাসান, ইকবাল হোসেন স্বাধীন ও মেরাজকে যাবজ্জীবন কারাদ-, ১০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছর সশ্রম কারাদ- দেন। অন্যদিকে বিস্ফোরক অংশের মামলায় ওই আসামিদের একই সাজা দেওয়া হয়।



