বাগেরহাটে রাতে টাকা বিতরণ নিয়ে বিএনপি- জামায়াত সংঘর্ষ, ৮ জন আহত : অস্ত্র উদ্ধার

# ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ #
বাগেরহাট প্রতিনিধি ঃ ভোটের আগের রাতে ভোটারদের মধ্যে টাকা বিতরণের অভিযোগ নিয়ে বাগেরহাট ২- আসনের সদর উপজেলার বারুইপাড়া এলাকায় জামায়াত ও বিএনপির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্ততঃ ৮ জন আহত হয়েছেন। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ১০ টার দিকে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া এলাকায়। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জামায়াতের নেতা-কর্মীদের অভিযোগ, ধানের শীষের নেতা-কর্মীরা ভোটারদের মধ্যে টাকা বিতরণ করতে বেরিয়ে ছিলেন। খবর পেয়ে স্থানীয় জামায়াতের কর্মীরা সেখানে গেলে তাঁদের ওপর হামলা হয়। এতে তাঁদের কমপক্ষে ৬ জন আহত হয়েছেন। তাঁদের ছুরি দিয়ে আঘাত করা হয়েছে। এদিকে বিএনপি নেতা-কর্মীদের অভিযোগ, জামায়াতের লোকজন টাকা ও লিফলেট নিয়ে এলাকায় ঢুকেছিলেন। তখন কথা-কাটাকাটির একপর্যায়ে গন্ডগোল হয়। এতে বিএনপির দুইজন আহত হয়েছেন। সংঘর্ষে আহত জামায়াতের তুহিন শেখ, হাবিবুর রহমান শেখ, গোলাম মোস্তফা, শিমুল শেখ, মো. হাসিবুল ও আলী মল্লিক ও বিএনপির ভাস্কর চক্রবর্তী ও সেলিম শেখ কে হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। বারুইপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ গোলাম মাসুদ বলেন ৮ থেকে ১০ জন জামায়াতের লোক মিলে বাড়ি বাড়ি গিয়ে টাকা ও লিফলেট দিচ্ছিলেন। বিএনপির কর্মীরা তাঁদের বাধা দিলে এক কথায়, দুই কথায় তাদের মধ্যে গন্ডগোল বাধে। তিনি বলেন, ‘আমাদের দুই কর্মীর মাথায় আঘাত লেগেছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মাসুম খান বলেন, রাতে সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। এদিকে, আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট শহরের হাড়ি খালী কাঠেরপোল এলাকায় রতন নামের এক ব্যক্তির দোকানে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৬টি হাসুয়া, ৩টি করাত, ৩টি চাকু, ১টি বড় হাতুড়ি ও ৭টি লোহার হাতুড়ি উদ্ধার করা হয়। অভিযানের সময় কাউকে আটক করা যায়নি। লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রউফ জানিয়েছেন, নির্বাচনের সময় নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্রগুলো মজুদ করা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। উল্লেখ, একই এলাকা থেকে বুধবার ভোর রাতে ৬ টি তাজা ককটেল উদ্ধার করে যৌথ বাহিনী। এ ছাড়া নির্বাচনের দিন সকালে বাগেরহাট ২ আসনের কচুয়া উপজেলার বিছট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের কাছে নাহিদ নামে এক যুবককে ৫টি দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। বাগেরহাট পুলিশ সুপার হাসান চৌধুরী বলেন, নির্বাচনের সময় কোনো ধরনের অপরাধ সহ্য করা হবে না। নাশকতা বা অপরাধের চেষ্টা করলে আইনের আওতায় আনা হবে। জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।
