বাগেরহাটে শিশুর ঝুলন্ত লাশ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া সিংড়াই এলাকা থেকে মীম আক্তার (৮) নামের একজন শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার সন্ধ্যায় বসত ঘরের আড়ায় ওড়না দিয়ে পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় শিশুটির মৃতদেহ উদ্ধার করা হয়। নিহত শিশু মীম আক্তার সিংড়াই উত্তরপাড়া গ্রামের রিকশা চালক হাফিজুর রহমানের মেয়ে এবং স্থানীয় সরকারী প্রাইমারী স্কুলের ২য় শ্রেনীর ছাত্রী। স্থানীয়রা জানান, শনিবার বিকেলে মেয়েটির মাতা তার ৩ বছরের ছেলেকে রেখে পাশর্^বর্তী সবজী ক্ষেতে যায়। সন্ধ্যার আগ মুহুর্তে ছোট শিশুটি কাঁদতে থাকলে প্রতিবেশী নুপুর বেগম এসে দেখতে পান মীম আক্তার ঘরের আড়ার সাথে ওড়না দিয়ে ঝুলে আছে। এ সময় ডাক-চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। এ খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ওই বাড়ীতে যায় এবং লাশের সুরতহাল করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট সদর হাসপাতাল মর্গে প্রেরন করে। তবে শিশুটি হত্যা না আত্মহত্যা এটা কেহ নিশ্চিত করে বলতে পারেনি। এ বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ মাসুম খান বলেন, শিশু মেয়েটির মৃত্যুটি রহস্য জনক হওয়ায় প্রাথমিকভাবে একটি অপমৃত্যু মামলা রেকর্ড করে লাশের ময়না তদন্তে প্রেরন করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর মূল রহস্য উদঘাটন হবে।



