রূপসায় জামায়াতের ডিজিটাল ক্যাম্পেইন অফিসে চুরি

# ৪ লাখ টাকার কম্পিউটার সামগ্রী লুট #
স্টাফ রিপোর্টার ঃ খুলনার রূপসা উপজেলায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইন অফিসে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা অফিসের দরজা ভেঙে ভেতরে থাকা কম্পিউটার ও ইন্টারনেট সামগ্রী নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে গতকাল রাত (১৪ ফেব্রুয়ারি ২০২৬) আনুমানিক রাত ১১টার দিকে। রূপসা উপজেলার নৈহাটি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সামন্তসেনা রেলওয়ে ক্রসিং মোড়ে অবস্থিত অফিসে এ চুরির ঘটনা ঘটে। রূপসা থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, সামন্তসেনা এলাকার বাসিন্দা আল আমিন (পিতা: আনছার আলী) তার নিজ মালিকানাধীন দোকানে জামায়াতসহ ১১ দলীয় জোটের খুলনা-৪ আসনের নির্বাচনী ডিজিটাল ক্যাম্পেইনের কার্যক্রম পরিচালনা করছিলেন। অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা অফিসের দরজা ভেঙে ভেতরে ঢুকে ৪টি পিসি, ৫টি মনিটর, ১টি ইউপিএস এবং ইন্টারনেট সংযোগের বিভিন্ন সরঞ্জামসহ প্রায় ৪ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ ঘটনায় রূপসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে বলে জানা গেছে। স্থানীয়দের দাবি, নির্বাচনী পরিবেশের মধ্যে এমন ঘটনায় এলাকায় উদ্বেগ তৈরি হয়েছে। দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।
