স্থানীয় সংবাদ

খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক গফ্ফারের ওপর ফের সন্ত্রাসী হামলা

পূর্বের হামলার আসামিদের বিরুদ্ধেই অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফারের ওপর আবারও হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা ওয়াসা ও ৭নং ঘাটে প্রবেশের মেইন রোডের বটতলা নামক স্থানে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে। আহত জি এম আব্দুল গফফার জখম হয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
এদিকে আহত খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার অভিযোগ করেছেন, আজ সোমবার (১৫ ফেব্রুয়ারি) তার আগের মামলায় আদালতে হাজিরার দিন রয়েছে। তিনি যাতে আদালতে হাজির হতে না পারেন সে জন্য তার ওপর আগের হামলা মামলার আসামিরাই পূণরায় হামলা চালিয়েছে।
আব্দুল গফফার জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে তিনি ওয়াসার সেবা প্রত্যাশী কয়েকজনকে নিয়ে অফিস থেকে বের হয়ে চা পান করার জন্য বটতলা নামক স্থানে আসেন। এ সময় অজ্ঞাতনামা সন্ত্রাসীরা প্রকাশ্যে তার ওপর হামলা চালায়। তারা রড দিয়ে তাকে পিটিয়ে আহত করে। ঘটনার সময় তার ওপর এর আগে হামলা মামলার আসামি খাজা ও ইমামসহ অন্য আসামিরা অবস্থান করছিল।
এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান বলেন, তিনি ঘটনাটি শুনেছেন। অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ দিলে হামলাকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ১৬ এপ্রিল দুপুরে খুলনা ওয়াসা কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জি এম আব্দুল গফফার সন্ত্রাসী হামলায় আহত হন। হামলাকারীরা তাকে পিটিয়ে ও কুপিয়ে আহত করে। তার আর্ত চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করেন। ওই ঘটনায় তিনি বাদি হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
মামলায় রূপসার আইচগাতি এলাকার মাহাতাব হোসেনের পুত্র ওয়াসার কর্মচারী মোঃ ইমামুল ইসলাম, নগরীর খালিশপুরস্থ দুর্বার সংঘ মোড় এলাকার মোঃ খাজা, নগরীর গোয়ালখালী জামাই পাড়া এলাকার বারিক সরদারের পুত্র ওয়াসার কর্মচারী সরদার সাইফুল ইসলাম ও রূপসা যুগীহাটি এলাকার কাজী দীন মোহাম্মদের পুত্র ওয়াসার কর্মচারী কাজী মোহাম্মদ ইলিয়াস হোসেন ও মোহাম্মদ শহিদুল্লাহ বাবুসহ অজ্ঞাতনামা ৫-৭ জনকে আসামি করা হয়। পুলিশ আদালতে ওই মামলার চার্জশিট দাখিল করেছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button