খুলনায় ভোক্তা অধিকারের অভিযানে ১৮ প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৩ হাজার টাকা জরিমানা

# জনস্বার্থে অভিযান অব্যহত রাখার আশ^াস সংশ্লিস্টদের #
স্টাফ রিপোর্টার : খুলনার নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রন রাখতে বাণিজ্য মন্ত্রণালয়াধীন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের খুলনা বিভাগীয় ও খুলনা বিভাগের আওতাধীন বিভিন্ন জেলা কার্যালয় সমূহ নিয়মিত বাজার তদারকিসহ অভিযান অব্যহত রয়েছে। ওই ধারাবাহিকতায় সোমবার (১৬ ফেব্রুয়ারী) ভোক্তা অধিকারের ১১ টিম তদারকিমূলক অভিযান পরিচালনা করে। এসময়ে নিত্য প্রয়োজনীয় পণ্যসমূহের বাজার দর ও ক্রয় ভাউচার যাচাই করা হয় এবং সকল ব্যবসায়ীকে সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেয়া হয়। তদারকিকালে সরকার নির্ধারিত মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং কেউ সরকার নির্ধারিত মূল্যের থেকে বেশি মূল্য নিলে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণের হুশিয়ারি দেন সংশ্লিস্টরা।
সংশ্লিষ্ট সূত্রে গেছে, খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ সেলিমের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার শের এ বাংলা রোড এলাকায় অভিযান চালিয়ে মেসার্স ন্যাশনাল হোমিও ফার্মেসিকে মেয়াদ উত্তীর্ণ ঔষধ সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। খুলনা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক প্রনব কুমার প্রামাণিকের নেতৃত্বে খুলনা মহানগরীর সদর থানার আলকাতরা মিল মোড় এলাকায় অভিযান চালিয়ে গ্রীণ ওয়াটাটেককে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করা হয়। খুলনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব ওয়ালিদ বিন হাবিব এর নেতৃত্বে খুলনা জেলার ডুমুরিয়া ও বটিয়াঘাটা থানার ঝিলেরডাঙ্গা ও কৈয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে আদনান সুইটস এন্ড ফুড কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৪ হাজার টাকা এবং একই অপরাধে সাতক্ষীরা ডেইরি ফার্মকে ৬ জরিমানা আরোপ করা হয়।
মাগুরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সজল আহম্মেদ এর নেতৃত্বে সদর উপজেলার সাজিয়াড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসার্স রাকিব হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় খাদ্য উৎপাদন করার অপরাধে ২০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। বাগেরহাট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শরিফা সুলতানা এর নেতৃত্বে কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার এলাকায় অভিযান চালিয়ে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে আল আমিন স্টোর কে ২ হাজার টাকা এবং নজরুল মাংসের দোকান কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ৫ শত টাকা জরিমানা আরোপ করা হয়। ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক নিশাত মেহের এর নেতৃত্বে হরিনাকুন্ডু উপজেলার লাওলন শাহ কলেজ রোড এলাকায় অভিযান চালিয়ে শিহাব ফুড প্রোডাক্ট কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করা ও অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। সাতক্ষীরা জেলা কার্যালয়ে সহকারী পরিচালক মোঃ মেহেদী হাসান তানভীর এর নেতৃত্বে আশাশুনি উপজেলার বুধহাটা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভোলা হোটেল কে অবৈধ প্রক্রিয়ায় পণ্য উৎপাদন করার অপরাধে ৩ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়। কুষ্টিয়া জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মোঃ মাসুম আলী এর নেতৃত্বে সদর উপজেলার বড় বাজার এলাকায় অভিযান চালিয়ে মেসা আদিত্য এন্টারপ্রাইজ কে ধার্যকৃত মুল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় ও যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে ১৫ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
নড়াইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব শামীম হাসান এর নেতৃত্বে সদর উপজেলার টার্মিনাল বাজারে অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ৪ টি প্রতিষ্ঠান কে ৩ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ করা হয়। যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামানের নেতৃত্বে সদর উপজেলার রাজারহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে মোড়ল বিপনি কে পণ্যের মোড়ক যথাযথ ব্যবহার না করার অপরাধে ১ হাজার টাকা এবং চাঊল বিপনি কে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে ১ হাজার টাকা জরিমানা আরোপ করা হয়।
চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান এর নেতৃত্বে সদর উপজেলার সদর বাজার এলাকায় অভিযান চালিয়ে যথাযথ পন্য সরবরাহ না করার অপরাধে বিল্লাল স্টোরকে ৩ হাজার টাকা এবং রাজধানী স্টোর কে ১০ জরিমানা আরোপ করা হয়। এসময় ২টি প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়। অভিযান চলাকালে ব্যবসায়ীদেরকে সচেতন করার পাশাপাশি বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন ও ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ এবং নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করার নির্দেশনা দেন সংশ্লিস্টরা। অভিযানে ১৮ টি প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৪৩ হাজার ৩ শত টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।
এ ব্যাপারে জাতীয় ভোক্তা-অধিকার খুলনা বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মাদ সেলিম জানান, খুলনার বাজার সমূহে আমাদের নিয়মিত তদারকিসহ অভিযান অব্যহত আছে। ভোক্তার অধিকার লঙ্ঘিত করলে ওই ব্যবসায়ী বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা হিসাবে জরিমানা আরোপসহ আদায় করা হচ্ছে। খুলনার বাজার সমূহে কোনো ব্যবসায়ী বা প্রতিষ্ঠান সরকার প্রদত্ত নিয়মনীতির বাইরে ব্যবসা পরিচালনা করলে তাদের ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহন করা হবে। জনস্বার্থে আমাদের কার্যক্রম চলমান থাকবে বলে জানান এ কর্মকর্তা।


