কেডিএর বিতর্কিত সচিব বদিউজ্জামান অবশেষে বদলী

স্টাফ রিপোর্টার ঃ গত ১৮ জানুয়ারি কেডিএ সচিব বদিউজ্জামানকে অবেশেষে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক হিসেবে কেডিএ ছাড়তে হল। এতে করে কেডিএ’র কর্মকর্তা কর্মচারিদের অনেকের মনে স্বস্তি বিরাজ করছে। তবে তিনি ৩-৪ মাস পরে আবার কেডিএতে ফিরবেন বলে লোকমুখে শোনা যাচ্ছে।
২০২১ সালের ২৭ এপ্রিল সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক মো. বদিউজ্জামানকে মাগুরা জেলার স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হিসেবে বদলী করা হয়। সেই আদেশ বাতিল করে বদলী হয়ে আসেন খুলনা উন্নয়ন কর্তৃপক্ষে (কেডিএ)। যোগ দেন কেডিএর পরিচালক (এস্টেট) হিসেবে। পরের ৪ বছরে অনিয়ম, দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের কারণে অসংখ্যবার সংবাদের শিরোনাম হয়েছেন তিনি। তদন্তে অনিয়মের প্রমাণ পাওয়ায় আরও দুই দফা বদলী করা হয় মো. বদিউজ্জামানকে। সেই বদলী আদেশ বাতিল করে কেডিএতে আরও বড় পদে ফিরেছেন তিনি। বিশ্ব বসতি দিবসে শেখ মুজিবের পুরানো লিফলেট বিতরণের কারণে গত ১৮ জানুয়ারি তাকে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের পরিচালক হিসেবে বদলী করা হয়েছে। এখন তিনি চেষ্টা করছেন কেডিএর দ্বিতীয় সর্বোচ্চ পদ সদস্য হিসেবে ফেরত আসার। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ ভুক্তভোগীরা। কেডিএ থেকে জানা গেছে, মুক্তিযোদ্ধা কোটায় বিসিএস প্রশাসন ক্যাডারে প্রবেশ করা মো. বদিউজ্জামান কেডিএর সদস্য ও আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য রুনু রেজার ঘনিষ্ট ছিলেন।
এনিয়ে দৈনিক প্রবাহ ও আমার দেশে সংবাদ প্রকাশ হলে গত ১৮ জানুয়ারি তাকে বদলী করা হয়। এ ব্যাপারে মো. বদিউজ্জামান বলেন, নিয়ম মেনেই প্লট বরাদ্দ নিয়েছি। নিয়োগ প্রক্রিয়ায় আমার সংশ্লিষ্টতা ছিল না। প্রশাসনের শীর্ষ ব্যক্তিরাই বদলী করেন, এখানে আমার হস্তক্ষেপের সুযোগ নেই।



