আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে তেরখাদায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার ঃ খুলনার তেরখাদা উপজেলার মধুপুর ইউনিয়নে নির্বাচন পরবর্তী সহিংসতার জেরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, তেরখাদা উপজেলা বিএনপি’র সাবেক যুগ্ম-আহবায়ক অ্যাডভোকেট শহিদুল ইসলাম ও মধুপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম মোড়লের মধ্যে আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিকালে এ সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে আহতরা হলেন ইমরান (৪৫), ইরাদুল মোল্লা (৬০), কামরুল শেখ (৩৯), সাদি শেখ (৩৫) ও আনোয়ার (৪০)। স্থানীয়রা তাদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছেন বলে জানা গেছে। মধুপুর ইউনিয়ন বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম মোড়ল ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নির্বাচনি পরবর্তী বিভিন্ন বিষয় নিয়ে সংঘর্ষ মুলত সংঘর্ষ শুরু হয়। তবে কতজন আহত বলা যাচ্ছে না। এ বিষয়ে তেরখাদা থানার কর্মকর্তা মোঃ শহিদুল্লাহ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আধিপাত্য বিস্তারকে কেন্দ্র করে বিকাল সাড়ে পাঁচটায় বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এ ঘটনায় একাধিক আহত হয়েছে।



