খুলনায় ইয়াবার সবচেয়ে বড় চালান উদ্ধার : গ্রেফতার- ১

স্টাফ রিপোর্টারঃ খুলনা নগরীর কৈয়া বাজার এলাকা থেকে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুর পৌঁণে ১২টার দিকে নগরীর কৈয়া মোড় থেকে ইয়াবাসহ মিলন মাল নামে এক ব্যক্তিকে আটক করে হরিণটানা পুলিশের এস আই রাসেল হোসাইন। পুলিশের ভাষ্য মতে এটাই খুলনায় উদ্ধার হওয়া ইয়াবার সবচেয়ে বড় ইয়াবার চালান। আটক মো. মিলন মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলার বাসিন্দা বাবুল মালের ছেলে। অভিযান পরিচালনাকারী হরিণটানা পুলিশের এস আই রাসেল হোসাইন জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে সাতক্ষীরা থেকে মাদকের একটি চালান খুলনা হয়ে ঢাকায় যাবে। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ কৈয়া বাজারের সামনে চেকপোস্ট বসায়। দুপুর পৌঁণে ১২টার দিকে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি গাড়িতে তল্লাশী চালায় পুলিশ। যাত্রী মিলন মালের আচরণ সন্দেহজনক হলে পুলিশ তার কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ইয়াবা উদ্ধার করে। পরে গুণে দেখা যায় সেখানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা রয়েছে। হরিণটানা থানার ওসি (তদন্ত) টিপু সুলতান বলেন, ইয়াবার এতো বড় চালান আগে কখনো ধরা পড়েনি। আটক মিলনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।



