পবিত্র রমজান উপলক্ষে বিএসটিআই বিশেষ বাজার তদারকি কার্যক্রম

স্টাফ রিপোর্টার : পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সঠিক ওজন, মান এবং ন্যায্যমূল্য নিশ্চিতকরণের লক্ষ্যে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয় খুলনা-এর উদ্যোগে কেসিসি বাজার রুপসায় বিশেষ সার্ভিল্যান্স ও বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করা হয়। তদারকিকালে বাজারে ব্যবহৃত বিভিন্ন ওজন ও পরিমাপযন্ত্রের কার্যকারিতা পরীক্ষা করা হয় এবং সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বৈধ ভেরিফিকেশন সনদ পর্যালোচনা করা হয়। যেসব ওজনযন্ত্রের ভেরিফিকেশন/স্ট্যাম্পিং হালনাগাদ ছিল না,সেগুলো দ্রুত ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং সম্পন্ন করার জন্য নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি ভোক্তাস্বার্থ সংরক্ষণের লক্ষ্যে ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রয়ের জন্য সতর্ক ও পরামর্শ প্রদান করা হয়। পরবর্তীতে একই ধারাবাহিকতায় শেখপাড়া বাজার,শেখপাড়া লৌহ ব্যবসায়ী বাজারে অনুরূপ তদারকি কার্যক্রম পরিচালিত হয়। সংশ্লিষ্ট সকলকে আইনানুগ বিধান অনুসরণপূর্বক ব্যবসা পরিচালনার জন্য নির্দেশনা প্রদান করা হয়। এ প্রেক্ষিতে সংশ্লিষ্ট ব্যবসায়ীগণ আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ বাজারে ব্যবহৃত স্কেলসমূহ আইনানুগভাবে ভেরিফিকেশন ও স্ট্যাম্পিং করিয়ে নেওয়ার বিষয়ে সম্মতি জ্ঞাপন করেছেন। জনস্বার্থে খুলনা বিএসটিআই’র এ ধরনের বাজার তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।



