মহান একুশে উদযাপন

খবর বিজ্ঞপ্তি ঃ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শনিবার বিকেল পাঁচটায় হোটেল গোল্ডেন কিং ভবনে ভাষা আন্দোলনে খুলনার আইনজীবী সমাজের গৌরবোজ্জ্বল ভুমিকা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তমদ্দুন মজলিস ও গণতান্ত্রিক অধিকার সুরক্ষা মঞ্চ, খুলনা এর আয়োজক। সুরক্ষা মঞ্চ ও তমদ্দুন মজলিসের আহবায়ক এ্যাড. খান মনিরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা আইনজীবী সমিতির আহবায়ক এ্যাড মোঃ আব্দুল্লাহ হোসেন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন বীরমুক্তিযোদ্ধা নাগরিক নেতা এ্যাড, আফম মহসিন। অন্যন্যের মধ্যে বক্তৃতা করেন সাংবাদিক মোঃ সোহরাব হোসেন, দাউদ আলী ও জামাল মোড়ল। প্রবন্ধ রচনা করেন খুলনা গেজেট-এর নির্বাহী সম্পাদক ও সুরক্ষা মঞ্চ’র সদস্য সচিব কাজী মোতাহার রহমান বাবু। সভায় ১৯৫২’র ভাষা আন্দোলনে খুলনায় এ্যাড. এ এইচ দেলদার আহমেদ, এএফএম আব্দুল জলীল, এ্যাড. আব্দুল জব্বার, আব্দুল হাকিম, এ্যাড. এস এম আমজাদ হোসেন,্ এ্যাড. মোমিনুদ্দিন আহমেদ, সাঈদ মোক্তার, মোস্তাগাউসুল হক ও সাতক্ষীরার আব্দুল গফফারের অবদানকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। বলেন ছাত্র জীবনে শেখ রাজ্জাক আলী, খন্দকার আব্দুল হাফিজ, এজেডএম দেলোয়ার হোসেন, এম মনসুর আলী, সালাউদ্দিন ইউসুফ, মোল্লা বজলুর রহমান ও কাজী মাহাবুবুর রহমানের ভাষা আন্দোলনের ভুমিকা আজও ইতিহাসের পাতায় উজ্জ্বল। পরবর্তীতে তারা আইন পেশায় যোগ দেন। সভা শেষে ৫২’ ভাষা আন্দোলন, ৭১’র মুক্তিযুদ্ধ সর্বপরি ২০২৪-এর গণঅভ্যূত্থানে শহীদদের আত্মার মাগফেরত কামনা করে দোয়া করা হয়।



