সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহীনির অভিযান শুরু করা হবে : পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম

বাগেরহাট প্রতিনিধি ঃ বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, ধর্ম বিষয়ক এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেছেন, সুন্দরবন দস্যুমুক্ত করতে যৌথ বাহিনীর অভিযান শুরু করা হবে। সুন্দরবনে সক্রিয় ৫/৬টি বনদস্যু বাহিনীর সদস্যদের তালিকা হালনাগাদ করা হয়েছে। চিহ্নিত বনদস্যুদের উপর বিশেষ নজরদারি শুরু হয়েছে। খুব শিগগিরই সমন্বিত যৌথবাহিনীর গ্রেপ্তার অভিযান শুরু করা করা হবে। এই অভিযান চুড়ান্ত কর্মপরিকল্পনা ঠিক করতে রবিবার (২২ ফেব্রুয়ারী ) সকালে খুলনা বিভাগীয় কমিশনারসহ বন বিভাগ, র্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌ-পুলিশের উবর্ধতন কর্মকর্তাদের নিয়ে সভা করা হয়। শনিবার বিকেলে বাগেরহাট খানজাহান (রহ.) মাজার জিয়ারত শেষে প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম এখানের সংবাদ কর্মীদের এ কথা বলেন। তিনি আরো বলেন এই জনপদের অধিকাংশ মানুষ দরিদ্রসীমার নিচে বসবাস করে, জীবিকার জন্য তারা সুন্দরবনে যায়। সেখানে গিয়ে তারা বনদস্যুদের দ্বারা আক্রান্ত হচ্ছে। আমরা চাইনা, সুন্দরবনে গিয়ে এসব মানুষ ঝুঁকির মধ্যে পড়–ক। তাই সুন্দরবনের সুন্দর পরিবেশ ফিরিয়ে আনার স্বার্থে দস্যুমুক্ত অভিযান এবার দৃশ্যমান হবে। পাশাপাশি বিশ্ব ঐতিহ্য এ বনে বিষ দিয়ে মাছ শিকার, বনজসম্পদ লুটপাট, জেলে ও বনজীবীদের চাঁদাবাজির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করা হয়েছে। এ সময়ে বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, পুলিশ সুপার হাছান চৌধুরী, জেলা বিএনপির সদস্য সচিব মোজাফফর রহমান আলমসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



