খুলনায় বেড়াতে এসে হামলার শিকার প্রবাসী সাংবাদিক

স্টাফ রিপোর্টার ঃ খুলনায় শ^শুর বাড়ি বেড়াতে এসে হামলার শিকার হয়েছেন আমেরিকা প্রবাসী সাংবাদিক শেখ খোরশান ও তার স্ত্রী জোহরা খাতুন। এ ঘটনায় সোমবার (২৩ ফেব্রুয়ারি) খুলনা সদর থানায় আপন শ্যালক ও তার স্ত্রীকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র প্রবাসী চট্টগ্রামের ফটিকছড়ির শেখ খোরশান দেশে ফিরে ২২ ফেব্রুয়ারি সন্ধ্যায় স্ত্রী জোহরা খাতুনকে নিয়ে খুলনার আহসান আহম্মেদ রোডে বড় শ্যালকের বাসায় ওঠেন। এতে ছোট শ্যালক আল আমিন ক্ষিপ্ত হয়ে তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ এবং এক পর্যায়ে ছুরি নিয়ে বাসায় প্রবেশ করে আঘাত করার চেষ্টা করে। তারা অবিলম্বে বাড়ি ছেড়ে চলে না গেলে জীবননাশের হুমকি দেয়। জোহরা খাতুন জানান, ইতোপূর্বে তার ছোট ভাই আল আমিন পিতার সম্পত্তি থেকে বোনদের বঞ্চিত করেছেন। প্রতিনিয়ত নানা অন্যায় দাবিতে টাকা পয়সা আদায় করেন। তার বড় ভাই স্ট্রোক করে প্যারালাইজড। সেই ভাইয়ের বাড়িভাড়া সব ছোট ভাই নিয়ে নেয়। বাঁধা দিলে বাসায় হামলা করে। তিনি জানান, তার স্বামী খোরশান আমেরিকার বাংলা নিউজ মিডিয়ার এডিটর এবং টাইম টিভি ইউএসএ’র সিনিয়র রিপোর্টার। রবিবার রাতে তারাবির নামাজ পড়ে ফেরার সময় তার ওপর আল আমিন হামলা চালিয়েছে। খুলনা সদর থানার এসআই মিজানুর রহমান বলেন, এ ব্যাপারে ভুক্তভোগীরা একটি লিখিত অভিযোগ দিয়েছেন। পারিবারিক সম্পত্তি নিয়ে ঝামেলা আছে। আমরা তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করবো।



