বাগেরহাটে এবার কিশোরী ধর্ষণ চেষ্টা মামলায় সাবেক ছাত্রদল নেতা গ্রেফতার

# অপরাধ-অপকর্মে আলোচিত #
বাগেরহাট প্রতিনিধি ঃ অপরাধ-অপকর্মে আলোচিত বাগেরহাটে এবার কিশোরী(১৫) ধর্ষন চেষ্টার মামলায় শাফিন আলম রাকিব (২৬) নামে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে বাগেরহাট শহরতলীর কাড়াপাড়া পঁচাদিঘী এলাকা থেকে সদর মডেল থানা পুলিশ তাকে আটক করে। গ্রেফতার রাকিব আলম সদর উপজেলার কাড়াপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সম্পাদক এবং ওই গ্রামের বাসিন্দা। মামলার সুত্র ধরে পুলিশ জানায়, রাবিক আলমের সাথে গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় জেলার ফকিরহাট উপজেলার পাইকপাড়া এলাকার ওই কিশোরীর সাথে। তাকে নিয়ে রাকিব আলম পাশর্^বর্ত্তি হুসলা গ্রামে তার খালার বাড়ীতে দেখা করতে যায়। পরে সন্ধ্যার দিকে ওই কিশোরীকে বাড়ী পৌঁছে দেওয়ার কথা বলে মোটরসাইকেলে নিয়ে রওনা হয়। পথিমধ্যে জনৈক কিরণের বাগান এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন ব্যক্তি সেখানে অবস্থান করছিল। এ সময় রাকিব মোটরসাইকেল থামিয়ে কিশোরীকে জোরপূর্বক বাগানের ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে। এ সময় দলীয় পরিচয়ের প্রভাব খাটিয়ে রাকিব ও তার সহযোগীরা সেখান থেকে সরে যান। ঘটনার পরদিন ভিকটিমের মা প্রথমে ফকিরহাট থানায় মামলা করতে গেলে ব্যর্থ হন বলে অভিযোগ করেন। পরে তিনি বাগেরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি তদন্তের জন্য সংশ্লিষ্ট থানা পুলিশ কে নির্দেশনা দেয়। সে অনুযায়ী ফকিরহাট মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আলমগীর হোসেন তদন্ত করে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দাখিল করেন। আদালতের বিজ্ঞ বিচারক শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ বিষয়ে মামলার বাদী ভিকটিমের মা অভিযোগ করে বলেন, প্রথমে থানা পুলিশ মামলা নেয় নাই। পরে আদালতে মামলা করি। মামলা দায়েরের পর থেকেই রাকিব ও তার সহযোগীরা মামলা তুলে নেওয়ার জন্য চাপ ও প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। মামলার তদন্ত কর্মকর্তা আলমগীর হোসেন বলেন, অভিযোগের সত্যতা পেয়ে আদালতে প্রতিবেদন দিয়েছি। পরে আদালতের নির্দেশেই তাকে গ্রেফতার করা হয়েছে।



