স্থানীয় সংবাদ

বাগেরহাটে জমি বিরোধে চাচাকে হত্যা : আহত ৭ জন

বাগেরহাট প্রতিনিধি ঃ অপরাধ-অপকর্মে আলোচিত বাগেরহাটে এবার জমি বিরোধে চাচাকে হত্যা করা হয়েছে। ভাতিজাদের সঙ্গে মারামারিতে আহত চাচা মো. ইদ্রিস আলী শেখ (৫০) মঙ্গলবার সন্ধ্যায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় মারা যান। এর আগে সকালে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে ভাই ও ভাতিজারা। আর এ ঘটনাটি ঘটেছে বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের কালিপুর গ্রামে। স্থানীয়রা জানায়, ঘটনার দিন ইদ্রিসের ভাই সিদ্দিকের ছেলে আলী শেখ, নিজাম শেখ, নাজিম উদ্দীন শেখ ও রুবেল শেখসহ কয়েকজন পৈত্রিক জমিতে ঘর নির্মাণ করতে যান। ইদ্রিস ও তার ছেলে তার পথে বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে তর্ক-বিবাদের এক পর্যায়ে মারামারি হয়। এতে ইদ্রিস আলীসহ উভয়পক্ষে ৭ জন আহত হয়। আহতদের প্রথমে বাগেরহাট জেলা সদর হাসপাতালে ভর্ত্তি করা হয়। এখানে অবস্থা বেগতিক হওয়ায় ইদ্রিস আলীসহ ৩ জন কে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। সন্ধার দিকে ইদ্রিস আলী মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ বিষয়ে বাগেরহাট মডেল থানার ওসি মো. মাসুম খান বলেন, জমি সংক্রান্ত বিরোধে মারপিটে ইদ্রিস গুরুতর আহত হন এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বুধবার সকালে খুলনায় তার লাশের ময়না তদন্ত সম্পন্ন হয়। মামলা প্রক্রিয়াধিন। পুলিশ এ ঘটনায় জড়িতদের আটক করার জন্য অভিযান শুরু করেছে।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button