নগরীতে নিখোঁজ ব্যবসায়ী সুজন ৫দিনেও ফেরেনি

উদ্ধারের দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন
স্টাফ রিপোর্টার : খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের জামাতা ব্যবসায়ী কাজী নিজাম উদ্দিন সুজন (৩৫) ৫দিন ধরে নিখোঁজ রয়েছেন। তাকে উদ্ধারের দাবি জানিয়ে আজ বুধবার সংবাদ সম্মেলন করেছেন তার পরিবার।
খুলনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিখোঁজ কাজী নিজাম উদ্দিন সুজনের বাবা কাজী আব্দুস সোবহান বলেন, গত ২১ ফেব্রুয়ারী তার ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন পুলিশ লাইন মসজিদে তারাবি নামাজ আদায় করতে যায়। মসজিদে সে নামাজ আদায় করে বের হওয়ার পর থেকে তার আর কোন সন্ধান পাওয়া যাচ্ছে না। সিসি টিভির ভিডিও ফুটেজে দেখা যায় সে মসজিদ থেকে বের হয়ে সামনে রাস্তায় দাঁড়িয়ে আছে। এরপর আর তাকে দেখা যাচ্ছে না। আশপাশের অনেক সিসি টিভির ফুটেজ দেখে তার অবস্থান জানার চেষ্টা করি। কিন্তু ওই এলাকায় অনেক সিসি ক্যামেরা থাকলেও তা নষ্ট থাকায় আমরা তার পরবর্তী অবস্থান সম্পর্কে কিছুই জানতে পারিনি। মসজিদের সামনে থেকে সুজনের নিখোঁজ হওয় খুবই রহস্যজনক।
আব্দুস সোবহান বলেন, ওই রাতে আত্মীয়-স্বজন, সুজনের বন্ধু বান্ধবসহ পরিচিত সব স্থানে খোঁজ নিয়ে কোন সন্ধান না পেয়ে পরেদিন ২২ ফেব্রুয়ারী আমি খুলনা সদর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নং-১৪৬০) করি। এছাড়া পুলিশের উর্দ্ধতন কর্মকর্তা, র্যাব ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার সাথে মোবাইল ফোনে যোগাযোগ করে সুজনকে উদ্ধারে সহযোগীতা চাই। কিন্তু দুর্ভাগ্য যে এখনও সুজনকে উদ্ধার বা তার কোন সন্ধান পাওয়া যায়নি। ফলে আমি এবং আমার পরিবার মানুষিকভাবে ভেঙ্গে পড়েছি। ছেলেকে না দেখতে পেয়ে আমার স্ত্রী অসুস্থ হয়ে শস্যাশায়ী হয়ে পড়েছে। আমার বউমা (সুজনের স্ত্রী) তার একমাত্র ৫ বছরের সন্তান নিয়ে বাকরুদ্ধ হয়ে পড়েছে। বাবাকে না দেখতে পেয়ে আমার নাতি কাদছে।
তিনি আরো বলেন, আমার একমাত্র ছেলে কাজী নিজাম উদ্দিন সুজন কোন রাজনীতির সাথে যুক্ত নয়। কোনদিন করেওনি। আমার সব ব্যবসা-বণিজ্য সে দেখাশুনা করতো। আমার ছেলের বিরুদ্ধে কোন মামলাও নেই। কারো সাথে কোন শত্রুতাও নেই। ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়ি ছাড়া আর কোথাও সে যেত না। ২০২৩-২৪ অর্থবছরে খুলনার সর্বোচ্চ করদাতা হিসেবে আমার ছেলে রাষ্ট্রীয় পুরস্কারও পেয়েছে। কোন কারণ ছাড়াই হঠাৎ করে তার নিখোঁজ হয়ে যাওয়াটা রহস্যজনক। আমি এবং আমার পরিবার আমার একমাত্র ছেলেকে উদ্ধারে সকলের সহযোগীতা কামনা করছি। খুলনার আইন-শৃংখলা বাহিনীর সকল ইউনিটের প্রতি দাবি জানাচ্ছি যে- আমার সন্তানকে আমাদের কাছে ফিরিয়ে দিতে আপনারা জোড়ালো পদক্ষেপ গ্রহণ করুণ।
সংবাদ সম্মেলনে নিখোঁজ সুজনের মা, স্ত্রী ও একমাত্র ৫ বছরের সন্তান উপস্থিত ছিলেন।



