স্থানীয় সংবাদ

যশোরে কয়লা আমদানির নামে ১০ কোটি টাকার প্রতারণার অভিযোগ : বিচার দাবি

যশোর ব্যুরো ঃ ইন্দোনেশিয়া থেকে কয়লা আমদানির জন্য এলসি (লেটার অব ক্রেডিট) খুলে দেওয়ার কথা বলে ১০ কোটির বেশি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে ফারজানা ইয়াসমিন নিলা নামের এক নারীর বিরুদ্ধে। ১৮ ফেব্রুয়ারি শনিবার সকালে প্রেসক্লাব যশোর মিলনায়তনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী ব্যবসায়ীরা এ অভিযোগ করেন। বর্তমানে অভিযুক্ত নিলা যশোর কেন্দ্রীয় কারাগারে আটক আছেন বলে দাবি করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মেসার্স এ টু জেড ট্রেডিংয়ের স্বত্বাধিকারী মোহাম্মদ আনিসুর রহমান খান। তিনি বলেন,২০২৪ সালের ৫ আগস্টের পর ব্যবসায়িক অচলাবস্থার সুযোগ নিয়ে নিলা ‘ব্রড কান্ট্রি এলসি’ খোলার প্রস্তাব দেন। পরে যশোরের ৯ জন ব্যবসায়ী যৌথভাবে এলসি খোলার সিদ্ধান্ত নেন। ৩০ শতাংশ মার্জিনের শর্তে তাঁদের পক্ষে নিলার হিসাবে ১০ কোটি ৯ লাখ ১২ হাজার ৫০০ টাকা জমা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আনিসুর রহমান খান অভিযোগে আরো বলেন, টাকা নেওয়ার পর নিলা নানা অজুহাতে সময়ক্ষেপণ করেন। ইন্দোনেশিয়ায় কয়লাবাহী জাহাজ প্রস্তুত হওয়ার কথা জানিয়ে এলসির কপি চাইলে একটি ভুয়া এলসি সরবরাহ করা হয়। পরে টাকা ফেরতের চাপ দিলে ৫০ লাখ টাকার একটি জাল বিএফটিএন (ইঋঞঘ) কপি ও একটি ভুয়া এফডিআর (ঋউজ) কাগজ দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, নিলা নিজেকে প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিদের ঘনিষ্ঠ হিসেবে পরিচয় দিতেন। তাঁদের মধ্যে সাবেক জ্বালানি উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাছিম ও শিল্পগোষ্ঠী সংশ্লিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমান এর নাম উল্লেখ করা হয়। এমনকি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসএর নামও ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
ভুক্তভোগী ব্যবসায়ীদের দাবি,প্রথমে ঢাকার গুলশান থানায় মামলা হলে নিলা গ্রেপ্তার হন। পরে জামিনে মুক্ত হয়ে টাকা ফেরত না দিয়ে উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ নেন। পরবর্তীতে যশোরে নতুন মামলা হলে পুলিশ তাঁকে আবার গ্রেপ্তার করে।
আনিসুর রহমান বলেন, নিলার বিরুদ্ধে আগেও একাধিক প্রতারণার মামলা ছিল। ব্যাংক ঋণ নিয়ে এলসির টাকা দেওয়ায় এখন অনেক ব্যবসায়ী দেউলিয়ার পথে। তাঁরা প্রশাসনের কাছে কঠোর শাস্তি ও দ্রুত টাকা উদ্ধারের দাবি জানান।
তবে অভিযুক্ত নিলার মেয়ে নন্দিতা মেহজাবিন দাবি করেন, অর্থ লেনদেন সংক্রান্ত বিষয়টি আদালতে বিচারাধীন। এ নিয়ে অনৈতিক প্রচার চালানো হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আলম ট্রেডিং এর নুর আলম বাবু, তালতলা স্টোন হাউজ এর মাহমুদ হাসান লিপু, জনি এন্টারপ্রাইজের কামরুজ্জামান, জিয়া ট্রেডিংএর জিয়া বিশ্বাস, বৃষ্টি এন্টারপ্রাইজের ইউসুফ আলী, মদিনা এন্টারপ্রাইজের গোলাম সরোয়ারসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলন থেকে আটক নিলাকে রিমান্ডে এনে প্রতারণা মূলক ভাবে বিভিন্ন ব্যবসায়ীদের আত্মসাতকৃত টাকা উদ্ধারসহ আইনি প্রক্রিয়ায় তার বিচার দাবি করা হয়।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button