স্থানীয় সংবাদ

বর্ণাঢ্য আয়োজনে আজ কেসিসির প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন নজরুল ইসলাম মঞ্জু

স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসক হিসেবে আজ রোববার দায়িত্ব গ্রহণ করবেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। দায়িত্বগ্রহণ অনুষ্ঠানটি বর্ণাঢ্য ও অংশগ্রহণমূলক করতে নানা প্রস্তুতি শুরু করেছে কেসিসি। ইতোমধ্যে ৫ শতাধিক অতিথিকে আমন্ত্রণ জানানো হচ্ছে। নগর ভবনের ৩টি পৃথক ভেন্যুতে অতিথিরা আসন গ্রহণ করবেন। জানা গেছে, নবনিযুক্ত প্রশাসকের নির্দেশনায় আমন্ত্রিতদের তালিকা তৈরি করা হয়েছে। এখন পর্যন্ত খুলনার ৬টি আসনের সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য, রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ, সরকারি দপ্তরগুলো প্রধান, নগরীর শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সরকারি সেবা দাতা সংস্থাগুলোর উর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক-শিক্ষক-আইনজীবী ও সাংবাদিক সংগঠনগুলোর নেতৃবৃন্দ, নগর পরিকল্পনাবিদ, এনজিও প্রধান, পরিবেশ কর্মী, বিভিন্ন নাগরিক সংগঠনের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে। পাশাপাশি দৈনন্দিন কাজে যারা নগরবাসীর সঙ্গী রিকসা চালক, ইজিবাইক চালক ও শ্রমিকদের প্রতিনিধিদেরও আমন্ত্রণ জানানো হবে। কেসিসির প্রশাসনিক কর্মকর্তা মোল্লা মারুফ রশিদ জানান, রোববার দুপুর ২টা ১৫ মিনিটে দায়িত্বগ্রহণ অনুষ্ঠান শুরু হবে। সংক্ষিপ্ত অনুষ্ঠানটি পরিচালনা করবেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। নগর ভবনের তৃতীয় তলায় অবস্থিত শহীদ আলতাফ মিলনায়তন ও জিআইজেড সভা কক্ষে আমন্ত্রিতরা বসবেন। পাশাপাশি নিচতলায় এলইডি ডিসপ্লে স্থাপনা করা হয়েছে। সেখানে নগরীর উন্নয়নের স্টেক হোল্ডার ও রাজনৈতিক নেতাকর্মীরা বসবেন। নবনিযুক্তি প্রশাসক আগে নিচতলায় গিয়ে তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। এরপর তৃতীয় তলায় যাবেন। প্রসঙ্গত, গত ২৩ ফেব্রুয়ারি খুলনা সিটি প্রশাসক হিসেবে নজরুল ইসলাম মঞ্জুকে নিয়োগ দেয় সরকার। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর হাতে যোগদান পত্র তুলে দেন তিনি। শারীরিকভাবে অসুস্থ থাকায় বৃহস্পতিবার পর্যন্ত ঢাকায় চিকিৎসা নিয়েছেন তিনি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button