কেসিসি প্রশাসকের দায়িত্ব নিলেন মঞ্জু

# চাঁদাহীন বাধাহীন মাদকহীন মশকহীন নিরাপদ খুলনা গড়ে তোলা হবে #
স্টাফ রিপোর্টারঃ খুলনা সিটি কর্পোরেশন (কেসিসি)-এর প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি নজরুল ইসলাম মঞ্জু। রবিবার দুপুর ৩টায় তিনি আনুষ্ঠানিকভাবে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্বভার গ্রহণ করেন। মঞ্জু বলেছেন, সিটি কর্পোরেশনের সীমিত সামর্থ্যে ক্লিনারদের সাথে ভোর ৬টার পর থেকে ড্রেন পরিষ্কার কাজে তদারকি করব ইনশাল্লাহ। আমি ঘুমাব কম, কাজ করব বেশি। আমি দেখতে চাই আমার কর্মচারীরা কতখানি সঠিকভাবে কাজ করে। তিনি বলেন, চাঁদাহীন, বাধাহীন, মাদকহীন, মশকহীন নিরাপদ খুলনা গড়ে তোলা হবে। প্রতিটি কাজে সততা জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শতভাগ সততা ও নিষ্ঠার সাথে নাগরিক সেবা নিশ্চিত করা হবে। নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে প্রশাসকের দায়িত্বগ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি খুলনা বিভাগীয় কমিশনার এবং বিদায়ী প্রশাসক মো. মোখতার আহমেদ-এর কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্বগ্রহণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ। অনুষ্ঠানে খুলনার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিকসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ‘নাগরিক সেবা দেওয়ার বিষয়ে কেসিসির যেমন দায় দায়িত্ব আছে। তেমনি নাগরিকদেরও নাগরিক দায়িত্ব পালন করতে হবে। তাহলেই সমন্বিতভাবে এই নগরী বাসযোগ্য হয়ে উঠবে। সম্মিলিত প্রয়াসে নগরীকে গ্রিন ক্লিন সিটিতে পরিণত করা সহজ হবে। পরে তিনি বিভিন্ন সংগঠনের কাজ থেকে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করেন। তাঁর অনুষ্ঠানে নগরবাসীর ঢল নামে। নগরভবনের নীচে পুরো ভরে যায়। উন্মুক্ত আবর্জনা ব্যাপারে প্রধানমন্ত্রী নির্দিষ্ট করে বলেছেন উল্লেখ করে তিনি বলেন, উন্মুক্ত আবর্জনা থাকবে না। এটি প্যাকেট করতে হবে। রিসাইকেলিং করে সারে রূপ দিতে হবে এবং তার জন্য তিনি অর্থ আনবেন বলে জানিয়েছেন। শহরের যতো আবর্জনার স্তূপ সেগুলোকে প্যাকেট করে ঢেকে রাখতে হবে। খোলা রেখে মানুষের বিড়ম্বনা সৃষ্টি করে এমন কাজ আমরা করব না ইনশাল্লাহ। প্রধানমন্ত্রী বলেছেন, মানুষকে বলবেন নাগরিক দায়িত্বটা যেন পালন করে। সকলের দায়িত্ব আছে। এই কাজগুলোর মধ্যে কিছু কিছু কাজ নাগরিকদের। সেই কাজটি তারা করবেন। সংসদ নির্বাচনে তাকে ষড়যন্ত্র করে হারিয়ে দেয়ার পর নগরবাসী হতাশ হয়ে পড়ে। অ।বশেষে এই ভালবাসার মানুষকে এক নজর দেখার জন্য শতশত মানুষ নগরভবনে ভীড় করে। প্রসঙ্গত, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ (সদর-সোনাডাঙ্গা) আসনে ধানের শীষের প্রার্থী ছিলেন। তবে এবার জিততে পারেননি। জামায়াতে ইসলামীর খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর হোসেন হেলালের কাছে হারেন তিনি। ২০০৮ সালের জাতীয় নির্বাচনে বিএনপি জোটের ভরাডুবির মধ্যেও খুলনা-২ আসনে জয় পেয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। ২০১৮ সালের জাতীয় নির্বাচনেও নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনে বিএনপির প্রার্থী ছিলেন। একই বছরের খুলনা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ছিলেন। এ দুই নির্বাচনে হেরে যান। অন্তর্বর্তী সরকারের আমলে নিয়োগ পাওয়া খুলনা সিটি করপোরেশনের প্রশাসক মোখতার আহমেদের স্থলাভিষিক্ত হলেন নজরুল ইসলাম মঞ্জু।



