কয়রায় মিথ্যা অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলনে

কয়রা (খুলনা) প্রতিনিধি ঃ কয়রায় মিথ্যা অভিযোগ দিয়ে হয়রানী করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন উপজেলার নাকশা গ্রামের শাহাবুদ্দিন গাজীর পুত্র নাজমুল সানা। মঙ্গলবার বিকাল ৩টায় কয়রা উপজেলা প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য তিনি জানান, ৩ মার্চ বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় কয়রার কপোতাক্ষ নদের চর দখল শিরোনামে একটি সংবাদ প্রকাশ করা হয়েছে। ঐ সংবাদে আমাদের বিরুদ্ধে যে সকল অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। আমাদেরকে হয়রানি করার জন্য আমাদের প্রতিপক্ষরা মিথ্যা তথ্য প্রদান করে মান সম্মান ক্ষুন্ন করছে। প্রকৃত বিষয় হলো যে, কয়রা থানার নাকশা মৌজায় এস এ ১০২৮, ২৯,৩০,৩৩ ও ৪৭ দাগে ১৬৮, ১৬৯, ১৯২, খতিয়ান মোট ১. ৮৪ একর জমি আমাদের পুর্ব পুরুষদের থেকে এখনও পর্যন্ত ভোগ দখল রয়েছি। ঐ সম্পত্তির কিছু অংশ বিভিন্ন সময় নদী ভাঙ্গন জনিত কারনে কপোতাক্ষ নদে বিলীন হয়ে যায়। সম্প্রতি নদী ভরাট হয়ে ঐ জমিতে চর জেগে উঠে। আমাদের সম্পত্তিতে আমারা মাছ চাষের জন্য বাঁধ দিয়ে সংরক্ষণ করার চেষ্টা করছি। এই বিষয়টি একটি পক্ষ ভিন্ন খাতে নিয়ে সরকারি জমি দখলের অভিযোগ করে হয়রানী করছে। এ ব্যাপারে প্রশাসন সহ সকলের সহযোগিতা কামনা করছি। সংবাদ সম্মেলনের মাধ্যমে মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।


