রমজান উপলক্ষে যশোরে ভোক্তা অধিকারের অভিযান : ৫০ হাজার টাকা জরিমানা

যশোর ব্যুরো ঃ রমজান উপলক্ষে বিশেষ টাস্কফোর্স অভিযানে যশোর সদর উপজেলার একটি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার ৪ মার্চ সকাল সাড়ে ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত এ অভিযান চালায় হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয় সূত্রে জানা যায়,সদর উপজেলার সেমাই কারখানা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও শাড়ি-কাপড়ের বাজারে তদারকি করা হয়। অভিযানকালে যশোর শহরের নীলগঞ্জ এলাকার মেসার্স নওয়াব স্টোরকে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন,২০০৯-এর ৩৮ ধারায় (মূল্য তালিকা প্রদর্শন না করা) ২৫ হাজার টাকা এবং ৪০ ধারায় (নির্ধারিত মূল্যের অধিক দামে খাদ্যপণ্য বিক্রি) ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। সর্বমোট ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর-এর সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এসময় নিরাপদ খাদ্য কর্মকর্তা আব্দুর রহমান, ক্যাব যশোরের সদস্যবৃন্দ এবং র্যাব-৬ এর একটি টিম উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।



