স্থানীয় সংবাদ

নড়াইলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ইজারাদারের প্রতিনিধি জরিমানা

কালিয়া (নড়াইল) প্রতিনিধি ঃ নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর বড়কালিয়া এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে এক ইজারাদারের প্রতিনিধিকে ২ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাসের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।
জানা গেছে, কালিয়া উপজেলার সালামাবাদ ইউনিয়নের বৃ-হাচলা মৌজায় ইজারা নিয়ে সংশ্লিষ্ট ইজারাদার অবৈধভাবে বড়কালিয়া এলাকায় নবগঙ্গা নদী থেকে বালু কেটে পরিবহনের চেষ্টা করছিল। এ সময় প্রশাসনের কাছে খবর পৌঁছালে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়।
অভিযানকালে অবৈধভাবে বালু উত্তোলন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয় এবং ঘটনাস্থল থেকে উত্তোলিত বালু জব্দ করা হয়। এ সময় ইজারাদারের প্রতিনিধি মুন্সীগঞ্জ জেলার লৌহজং থানার কাজিরপাগলা এলাকার বাসিন্দা আজিজুল হক (৫৪)-কে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবণী বিশ্বাস জানান, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন পরিবেশ ও নদীর স্বাভাবিক প্রবাহের জন্য মারাত্মক ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button