খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান

# খুলনা জেলা বিএনপি’র দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা #
স্টাফ রিপোর্টার ঃ খুলনা জেলা বিএনপি’র ইফতার পূর্ব আলোচনায় বক্তারা বলেছেন, রমজান জুড়ে সিয়াম সাধনারত রোজাদারদের কষ্ট লাঘবে এবছর কিন্তু নিত্যপ্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রেখে শুরুতেই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার সর্বমহলে প্রশংসিত হয়েছে। গেল প্রায় দেড় যুগে গড়ে উঠা অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট গুড়িয়ে দিতে সক্ষম হওয়ায় এবছর নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বাড়েনি। শিগগিরই ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যায়ক্রমে বিএনপি’র নির্বাচনী ইশতেহারের প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করবে সরকার। তবে খুলনার আইন-শৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে চরম উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে পুলিশ প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণের আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
গতকাল শুক্রবার (০৬ মার্চ) খুলনা ক্লাবে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তারা এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি প্রশাসক বিএনপি’র সাবেক বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু। প্রধান বক্তার বক্তৃতা করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য খুলনা মহানগর শাখার সভাপতি এড. শফিকুল আলম মনা। বিশেষ অতিথির বক্তৃতা করেন খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান।
নেতৃবৃন্দ আরও বলেছেন, নিরঙ্কুল বিজয়ে সরকার গঠনের মধ্যদিয়েই বিএনপি’র দায় শেষ হয়ে যায়নি; বরং জনগনের প্রতি বিএনপি’র জবাবদিহিতা বহুগুণে বেড়ে গেছে। ক্ষমতায় গেছি বলেই এর অপব্যবহার করা চলবে না। বিএনপি’র সকল পর্যায়ের নেতাকর্মী-সমার্থক ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত দিয়ে ঢেলে সাজাতে হবে। সে জন্য বিএনপি’র প্রতিটি নেতাকর্মীর অতীতের যেকোনো সময়ের চেয়ে আরও বেশি সজাগ থাকতে হবে। ঐক্যবদ্ধ থাকতে হবে। রমজানের শিক্ষা যেনো আমাদের ব্যক্তিগত জীবনেও বাস্তবায়িত হয় সে জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন বিএনপি নেতৃবৃন্দ।
খুলনা জেলা বিএনপি’র আহবায়ক মো. মনিরুজ্জামান মন্টুর সভাপতিত্বে সদস্য সচিব (ভারপ্রাপ্ত) এসএম মনিরুল হাসান বাপ্পীর সঞ্চালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, খুলনা বিশ^বিদ্যালয়ের উপাচার্য ড. প্রফেসর মো. রেজাউল করিম, উপ-উপাচার্য ড. প্রফেসর হারুন অর রশীদ খান, মহানগর বিএনপি’র সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আবু জাফর ও সদস্য সচিব জিএম মওলা বক্স, অতিরিক্ত জেলা প্রশাসক বিতান কুমার মন্ডল, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, বিএনপি নেতা আসাদুজ্জামান মুরাদ, জেলা জামায়াতের আমীর মাওলানা ইমরান হোসাইন, সেক্রেটারী মুন্সী মো. মিজানুর রহমান, মহানগর জামায়াতের নায়েবে আমীর অধ্যাপক মজিবুর রহমান, খুলনা জেলা এনসিপি’র আহবায়ক মুহাম্মদ ফয়জুল্লাহ্, খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, নির্বাহী সদস্য অধ্যাপক শেখ দিদারুল আলম, খুলনা সংবাদপত্র পরিষদের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিল্টন, বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফ উজ জামান, খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব এ্যাড. বাবুল হাওলাদার, শ্রমিক ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক আজিজুল ইসলাম ফরাজীসহ খুলনা জেলা ও মহানগর বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রতি বছরের ন্যায় এবারও খুলনার সম্মানিত রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ, সাংবাদিক, জনপ্রতিনিধি, উন্নয়ন কর্মী, প্রশাসনের শীর্ষ কর্মকর্তাবৃন্দ ও পেশাজীবী নেতৃবৃন্দ, খুলনার নয়টি উপজেলা ও দু’টি পৌরসভা বিএনপি নেতৃবৃন্দের সম্মানে এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। ইফতারের পূর্ব মুহুর্তে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, অভিসাংবাদিত আপোষহীন নেত্রী তিনবারের সাবেক সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দেশবরেণ্য ক্রীড়া সংগঠক আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা এবং বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের পরিপুর্ণ সুস্থ দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধে শহীদ, সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে নিহত নেতাকর্মী-সমার্থকদের এবং সর্বশেষ ফ্যাসিবাদ মুক্তির গণ-অভ্যুত্থানে নিহতদের মাগফিরাত কামনা করা হয়েছে। কোরআন তেলোয়াত ও ইফতারের পূর্বে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ জাহিদুল ইসলাম।।



