নড়াইলে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’গ্রুপের সংঘর্ষ

মোঃ নাজমুল হক, লোহাগড়া নড়াইল ঃ নড়াইলের লোহাগড়া উপজেলার বাঁকা গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার (৭ মার্চ) সকাল ৯টায় দু’গ্রুপের সংঘর্ষে দুই নারী ও ইউপি সদস্যসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পুলিশ ও আহতদের স্বজনরা জানান, বাঁকা গ্রামের ইউপি সদস্য জিরু গ্রুপের সঙ্গে আক্তার হোসেন গ্রুপের দীর্ঘদিন ধরে পূর্বশত্রুতা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধ চলে আসছিলো। গত (৬মার্চ) শুক্রবার দুপুরে একটি স্যালোমেশিনের পাম্প চুরির ঘটনা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। ওই ঘটনার জের ধরে আজ শনিবার সকালে দুপক্ষের লোকজন ঢাল, সড়কি, রামদা, ইটপাটকেল, লাঠিসোটাসহ দেশীয় অস্ত্র-শস্ত্রাদি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। সংঘর্ষে উভয় পক্ষের লোক জন হতাহত হয়। আহতরা হলেন ইউপি সদস্য জিরু গাজী( ৫০),লুৎফর নাহার (২৮), রেখা বেগম (৩৩) লিটন (৪৫), মুসা (২৪), শরিফুল (৩৪), হাসান মোল্যা (৫৩), প্রিন্স (২৫),হিমায়েত (৫১), ফিরোজ মোল্যা (৪৫), কাদের (২৫), আক্তার মোল্যা (৬০), মিরাজ মোল্যা (৪৭), তবিবর মৃধা (৪৫), ও সেলিম বিশ্বাস( ৪৪) সহ অন্তত ১৫ জন আহত হয়। আহতদেরকে লোহাগড়া উপজেলা উপজেলা কমপ্লেক্সে ভর্তি করা হয়। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নড়াইল জেলা হাসপাতাল ও খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ আব্দুর রহমান জানান, এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।



