বাগেরহাটে সন্ত্রাসীর গুলিতে যুবক আহত

বাগেরহাট প্রতিনিধি ঃ
বাগেরহাটের মোল্লাহাটে দুর্বৃত্তের গুলিতে নুর ইসলাম (২৭) নামে মোটরসাইকেল আরোহী এক যুবক গুরুতর আহত হয়েছেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোল্লাহাট উপজেলার কাহালপুর গ্রামে এই গুলি বর্ষনের ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশংকাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে রাতেই খুলনা মেডিকেলে কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। শারীরিক অবস্থা আরো আশংকাজনক হওয়ায় রবিবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গুলিবিদ্ধ নুর ইসলাম উপজেলার কুলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেনের ছেলে। স্থানীয়রা জানায়, শনিবার রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল চালিয়ে নুর ইসলাম কুলিয়া গ্রামে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এ সময় কাহালপুর পশ্চিমপাড়া এলাকায় পৌঁছালে অজ্ঞাত সন্ত্রাসীরা গুলি করলে সে মোটরসাইকেলসহ মহাসড়কে পড়ে যান। পথচারীরা তাকে উদ্ধার করে মোল্লাহাট উপজেলা হাসপাতালে নিয়ে যান। মোল্লাহাট উপজেলা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. ফরমান জানান, আহত যুবকের কানের পিছনে মাথার নিচসহ শরীরের বিভিন্ন স্থানে গুলির আঘাতের ৩টি ক্ষত রয়েছে। এছাড়া গুলি লাগার কারনে সড়কে পড়ে যাওয়ায় তার কোমরেও আঘাত লেগেছে। আহতের অবস্থা গুরুতর হওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রবিবার সকালে তার অবস্থার আরো অবনতি হলে খুলনা থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। মোল্লাহাট থানার ওসি কাজী রমজানুল হক জানান, গুলিবিদ্ধ নুর ইসলামকে পিস্তল দিয়ে গুলি করা হয়েছে। তবে কারা কি কারনে এই গুলি করেছে তা তদন্তসহ সন্ত্রাসীদের আটকে পুলিশ অভিযান চালাচ্ছে।



