স্থানীয় সংবাদ

বাগেরহাটের ফকিরহাটে রাস্তায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের

বাগেরহাট প্রতিনিধি ঃ প্রতিনিয়ত সড়ক দুর্ঘটনায় আলোচিত বাগেরহাটের ফকিরহাট উপজেলার মহাসড়কে মটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা লেগে একজন মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। নিহত কে এম ইশতিয়াক আহমেদ (৩৪) কুষ্টিয়ার কুমারখালী উপজেলার নাভদিয়া গ্রামের রাশেদুল ইসলামের ছেলে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার কাকডাংগা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল চালিয়ে ইশতিয়াক আহমেদ কাকডাংগা এলাকায় পৌঁছালে হঠাৎ মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় মোটরসাইকেলটি সড়কের পাশের একটি কালভার্টের রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়।
ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. তামান্না তাসনিম জানান, আহত ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছিল। মোল্লাহাট হাইওয়ে থানার ওসি মো. আসাদুজ্জামান হাওলাদার জানান, দুর্ঘটনার বিষয়টি তিনি অবগত রয়েছেন। কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button