স্থানীয় সংবাদ

জুলাই সনদ বাস্তবায়ন না করলে সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে : নাহিদ ইসলাম

# এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল #

স্টাফ রিপোর্টার ঃ জাতীয় নাগরিক পার্টি- এনসিপির খুলনা বিভাগীয় ইফতার ও দোয়া মাহফিল সোমবার খুলনা জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম বলেন, ‘এ সরকার হাওয়ার ওপর দিয়ে আসেনি। নিয়মতান্ত্রিক উপায়ে এই সরকার হয়নি। এ সরকারের বৈধতা জুলাই গণঅভ্যুত্থান। অন্তর্র্বতীকালীন সরকারের বৈধতাও ছিল গণঅভ্যুত্থান। যদি সরকার পুরোনো সংবিধানের দোহাই দিয়ে জুলাই সনদ বাস্তবায়ন না করে তাহলে এ সরকারের বৈধতা প্রশ্নবিদ্ধ হবে।’ একই মঞ্চে বিএনপি, জামায়াত, এনসিপিসহ অন্যান্য দলের নেতাকর্মীদের উপস্থিতিকে ইঙ্গিত করে মোঃ নাহিদ ইসলাম বলেন, জুলাই গণঅভ্যুত্থানের কারণে আজ আমরা একই মঞ্চে উপস্থিত হতে পেরেছি। শত শত শহিদের র*ক্তের ওপর আমরা এখানে বসতে পেরেছি। জাতীয় সংসদে একসাথে বসে আমরা জুলাই সনদ বাস্তবায়ন করতে চাই। অন্তর্র্বতীকালীন সরকারের সব আদেশ বাস্তবায়ন করতে চাই।’ ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুসহ এগারো দলীয় জোটের খুলনা বিভাগীয় নেতৃবৃন্দ। এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, পাড়ায় মহল্লায় চাদাবাজি সন্ত্রাসের বিরুদ্ধে কমিটি গঠন করে প্রতিরোধ গড়ে তুলতে হবে, ভয় পাওয়া যাবে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্দেশ্যে নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, সংসদ অধিবেশন বসলে সংবিধান সংস্কার পরিষদ করা না হলে আমরা সবাই মিলে জাতীয় সংসদের সামনে যাব এবং আমরা বলব গুন্ডা মাস্তান চাদাবাজকে নিয়ে সংসদে কী করবেন, আমরা এদের ঠিক করে দেব। নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, লোকজন আমাকে বলছে ধ্বংসাত্মক কথা একটু কমিয়ে বলতে গঠনমূলক কথা যেন বলি। নির্দিষ্ট করে একটি বিষয় বলতে চাই, খুলনায় ভারত একটি কয়লা বিদ্যুৎ কেন্দ্র করেছে এটি পরিবেশের জন্য খুলনার প্রাণবৈচিত্রের জন্য চরমভাবে হুমকি। এটা অতিসত্বর বন্ধ করে দিতে হবে। শ্রীলঙ্কায় গণঅভ্যুত্থান হয়েছিল তারাও ভারতকে লালকার্ড দেবিদ্যুৎকেন্দ্র বন্ধ করে দিয়েছে। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ নেয়নি সরকারি দলের সদস্যরা। তারা সংবিধানের দোহাই দেয়, অথচ সংবিধানের দোহাই ইতিপূর্বেও অনেকে দিয়েছিল। তাদের পরিণতির কথা স্মরণ করিয়ে দিতে চাই। মিয়া গোলাম পরওয়ার বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সুবিধাভোগী যে দল নির্বাচনের পর সরকার গঠন করেছে, আমরা দেখতে পাচ্ছি আজ তারা সংস্কারের বিষয়ে অনীহা প্রকাশ করছে।
জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেন, ছাত্র সংসদ নির্বাচন হয়েছে কিন্তু ছাত্রছাত্রীদের অধিকার নিশ্চিত হয়নি। শিক্ষার্থীরা তাদের নিজেদের অধিকারের পাশাপাশি দেশের স্বার্থ নিয়ে কথা বলবে।
এনসিপির এনসিপির মুখ্য সংগঠক (দক্ষিণান্চল) হাসনাত আব্দুল্লাহ, দলের যুগ্ম সদস্য সচিব ও খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক বলেন, শহীদ ওসমান হাদির হত্যাকারীরা যারা আটক হয়েছে, তাদের দ্রুত দেশে এনে বিচার করতে হবে। কারা এ খুনের নেপথ্যে ছিল তাদেরও চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে। পাশাপাশি ভারতে আশ্রয় পাওয়া জুলাই গণহত্যার হুকুমের আসামি শেখ হাসিনাকে দেশে এনে রায় কার্যকর করতে হবে।
এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক অ্যাডভোকেট তারিকুল ইসলাম, বিএনপির খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মন্জু, জাতীয় নারীশক্তির মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুম, ডক্টরস এলায়েন্সের সাংগঠনিক সম্পাদক ডা. মনিরুজ্জামান, খুলনা ১ আসনে ১১ দলীয় জামায়াত-এনসিপি জোটের প্রার্থী জনাব কৃষ্ণ নন্দী প্রমুখ বক্তব্য রাখেন। আরও উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এনসিপির কেন্দ্রীয় সংগঠক ওয়াহিদ উজ জামান।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button