বাগেরহাটের মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজী প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন ও বিক্ষোভ

আজাদুল হক, বাগেরহাট : বাগেরহাটের মোংলায় বিএনপি নেতার চাঁদাবাজীতে অতিষ্ট হয়ে স্থানীয়রা মানব বন্ধন ও বিক্ষোভ কর্মসুচী পালন করেছে। অভিযোগ উঠেছে মোংলা বন্দর উপজেলার বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান বিশ্বাস ও তার সহযোগীরা ধারাবাহিক চাদাবাজী করছেন। আর এই চাঁদাবাজীর প্রতিবাদে মঙ্গলবার বিকেলে দ্বিরাজ বাজারে মানববন্ধন ও বিক্ষোভ প্রদর্শন করে ভুক্তভোগীসহ স্থানীয় শতশত নারী-পুরুষ। এ ছাড়াও বুড়িরডাঙ্গা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকেও জনগন এ মানববন্ধনে অংশ নেয়। মানববন্ধন শেষে বাজারেই তারা বিক্ষোভ প্রদর্শন করেন। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বুড়িরডাঙ্গা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মোঃ জুলফিকার আলী, উপজেলা যুবদল নেতা শেখ জিহাদুল ইসলাম মৃদুল, বুড়িরডাঙ্গা ইউনিয়নের ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনি পাটোয়ারী, উপজেলা মহিলা দলের প্রচার সম্পাদক নুর নাহার বেগম। এ সময় বক্তারা বলেন, হাবিব একজন চিহ্নিত চাঁদাবাজ। সে এখানকার ঘের ও জমি দখল করছে। তেল পাম্প, হোটেল ও দোকানপাট থেকে প্রতিনিয়ত চাঁদা নিচ্ছে। আর সে প্রতিনিয়ত মদ্যপান করে মাতাল অবস্থায় থাকে। স্থানীয় নারীদেরকে কুপ্রস্তাবসহ গালিগালাজ ও অপমান অপদস্ত করে থাকে। এই চাঁদাবাজকে আগামী ৪৮ ঘন্টার মধ্যে সভাপতির পদ থেকে বহিস্কার করাসহ আইনে আওতায় এনে বিচার করতে হবে। অন্যথায় আমরা বুড়িরডাঙ্গা ইউনিয়নবাসী আগামীতে আরো কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো। আমরা এ বিষয়ে দ্রুত উপজেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করছি। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার ও সাধারণ সম্পাদক আবু হোসেন পনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ও আমাদের মোংলা-রামপালের এমপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে, কোনভানেই চাঁদাবাজী, দখল, সন্ত্রাসী ও মাদক বরদাস্ত করা হবেনা। আমরা সেই প্রতিশ্রুতির ব্স্তাবায়ন চাই, চাঁদাবাজ হাবিবকে দলীয় পদ থেকে বহিষ্কার চাই। তবে এ রিপোর্ট লেখার সময় বিএনপি নেতা হাবীবুর রহমান বিশ^াসের বক্তব্য পাওয়া যায়নি।#



