অভয়নগরে নিখোঁজ সেই গৃহবধুর লাশ উদ্ধার

অভয়নগর (যশোর) প্রতিনিধি ঃ যশোরের অভয়নগরে শাশুড়ির উপর অভিমান করে গত মঙ্গলবার (১০ মার্চ) বিকাল সাড়ে ৪ টার দিকে নৌকা থেকে ভৈরব নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ হয়েছিলেন গৃহবধু সাবিনা বেগম (২৫)। বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদী থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
দুপুরে বিষয়টি নিশ্চিত করেন নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন। নিহত সাবিনা বেগম উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের পাইকপাড়া গ্রামের বাঁধন বিশ্বাসের স্ত্রী।
জানা গেছে, গত মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খুলনা থেকে ফেরার পথে সাবিনা বেগমের মোবাইল ফোন হারিয়ে যায়। বিকালে অভয়নগরের ভাটপাড়া খেয়াঘাটে নৌকায় ওঠার পর মোবাইল হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে তার শাশুড়ির সঙ্গে কথাকাটাকাটি হলে অভিমান করে সে মাঝনদীতে ঝাঁপ দেয়। এরপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিস ও নৌপুলিশ।
এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে তালতলা খেয়াঘাট সংলগ্ন ভৈরব নদীতে এক নারীর লাশ ভাসতে দেখে তারা নৌপুলিশে খবর দেন। পরে পুলিশ এসে ফায়ার সার্ভিসের সহযোগিতায় লাশ উদ্ধার করে নিয়ে যায়। এসময় নিহত সাবিনা বেগমের স্বজনেরা লাশ শনাক্ত করেন।
এ ব্যাপারে নওয়াপাড়া নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই রনজিত কুমার সেন বলেন, ‘সকাল সাড়ে ১০টার দিকে ভৈরব নদীতে নিখোঁজ হওয়া সাবিনা বেগম নামে এক গৃবধুর লাশ উদ্ধার করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।



